মাদক ধ্বংসের দায়িত্বে থাকা পুলিশ সদস্য ১ হাজার ৭৯০ পিস ইয়াবাসহ গ্রেফতার, ৩ দিনের রিমান্ড
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ পিএম
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের হাজতখানায় মাদক ধ্বংস শাখার দায়িত্বে থাকা এক পুলিশ সদস্যকে ১ হাজার ৭৯০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার মো. রেজাউল করিম (৪৫) সিএমএম আদালতের মালখানা শাখায় কর্মরত। সেই পুলিশের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা সূত্রাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন কুমার চ্যাটার্জি আসামিকে আদালতে হাজির কর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তিন দিনের রিমান্ডে নিতে আবেদন করেন।
আবেদনে বলা হয়— ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে সে কোনো সদুত্তর দিতে পারেনি। ধৃত আসামি নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ঢাকার বিভিন্ন স্থানে অবৈধ লাভের উদ্দেশ্যে দীর্ঘদিন থেকে বিক্রি করে আসছে। মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট-এর ব্যবসা করে যুব সমাজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। গ্রেফতার আসামি মো. রেজাউল করিম একজন পুলিশ সদস্য এবং বর্তমানে তিনি সিএমএম কোর্টের মালখানা শাখায় কর্মরত রয়েছেন।
আরও বলা হয়, প্রাথমিক তদন্তে এই মামলার সঙ্গে তার জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। তবে তিনি ইয়াবা ট্যাবলেটগুলোর মূল সরবরাহকারী ও গন্তব্য সম্পর্কিত সুনির্দিষ্ট কোনো তথ্য প্রদান করেননি। ফলে ইয়াবার মূল উৎস, এর পেছনে জড়িত চক্র এবং মামলার প্রকৃত রহস্য উদঘাটনের লক্ষ্যে আসামিকে তিন দিনের পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
ডিএমপির প্রসিকিউশন বিভাগ সূত্রে জানা গেছে, মো. রেজাউল করিমকে (৪৫) রাজধানীর সূত্রাপুর থানা এলাকা থেকে রোববার রাত সাড়ে ৯টার দিকে আটক করে পুলিশ। এসময় তার কাছ ১হাজার ৭৯০ পিস ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় সোমবার ডিএমপির পরিদর্শক মো. কামরুজ্জামান বাদী হয়ে সূত্রাপুর থানায় মামলা দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, সিআইডি ঢাকা মেট্রো-দক্ষিণের একটি বিশেষ অভিযানকারী দল গোপন সংবাদের ভিত্তিতে সূত্রাপুর থানাধীন ২৮ নম্বর ওয়ার্ডের বিসমিল্লাহ বিরানি ঘরে অভিযান চালায়। এ সময় পালানোর চেষ্টা করলে রেজাউল করিমকে আটক করা হয়।
পরে তার দেহ তল্লাশি করে পরিহিত প্যান্টের পকেট থেকে ১৭৯ গ্রাম ওজনের ১ হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসব ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য ৫ লাখ ৩৭ হাজার টাকা। এছাড়া তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ৫ হাজার ৫০০ টাকা এবং একটি ভিভো স্মার্টফোন জব্দ করা হয়েছে।
/এমএইচআর