হাফপ্যান্ট পরায় অ্যাথলেট স্নিগ্ধকে মেট্রোস্টেশনে হেনস্তা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ পিএম
সকালে শরীরচর্চা শেষে টি-শার্ট ও হাফপ্যান্ট পরে মেট্রোরেলে উঠতে যাওয়ায় অ্যাথলেট প্রশিক্ষক সাজ্জাদ হোসেন স্নিগ্ধকে মেট্রোস্টেশনে দাঁড় করিয়ে রাখার অভিযোগ উঠেছে। তার পোশাককে 'অশালীন' আখ্যা দিয়ে মেট্রোস্টেশনে প্রায় ৪০ মিনিট দাঁড় করিয়ে রাখার অভিযোগ উঠেছে দায়িত্বরত এক পুলিশ সদস্যের বিরুদ্ধে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ফার্মগেট মেট্রোস্টেশনে ঘটে এ ঘটনা।
সাজ্জাদ হোসেন স্নিগ্ধ ম্যারাথন ও আল্ট্রাম্যারাথনের প্রশিক্ষক। রাজধানীর বেশ কয়েকটি পার্কে নিয়মিত দৌড়ানোর পাশাপাশি প্রশিক্ষণও করান তিনি।
ঘটনার পর সামাজিক মাধ্যম ফেসবকে নিজের আইডিতে ভিডিওসহ একটি পোস্ট করেন সাজ্জাদ হোসেন স্নিগ্ধ।
ভিডিওতে দেখা যায়, টিকিট পাঞ্চ করার সময় ওই প্রশিক্ষককে থামিয়ে দেন এক পুলিশ সদস্য। এরপর তাকে শালীনতার সঙ্গে যাতায়াত করার কথা বলা হয়।
এ সময় সাজ্জাদ হোসেন প্রশ্ন করেন– কোনটা শালীনতা, কোনটা শালীনতা না, সেটি কোথায় লেখা আছে? দেখান আমাকে।
জবাবে এক পুলিশ সদস্য ভিডিও করতে করতে বলেন, এটা (তার পোশাককে উদ্দেশ করে) শালীনতার পর্যায়ে পড়ে না। হাফপ্যান্ট না পরে তাকে ‘শালীন পোশাক’ পরার কথা বলা হয়।
এভাবে প্রায় ৪০ মিনিট মেট্রোস্টেশনের পাঞ্চ মেশিনের সামনে অ্যাথলেট প্রশিক্ষককে দাঁড় করিয়ে রাখা হয়। পরে মেট্রোরেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তাকে ট্রেনে ওঠার অনুমতি দেওয়া হয়।
সাজ্জাদ হোসেনের বক্তব্য, হাফপ্যান্ট বা শর্টস পরে মেট্রোতে ওঠা নিষিদ্ধ হলে সেটির লিখিত নিয়ম দেখানো উচিত ছিল। অ্যাথলেট প্রশিক্ষক হিসেবে শরীরচর্চার পর দৌড়ানোর পোশাকে যাতায়াত করাটা তার কাছে স্বাভাবিক বলেও জানান তিনি।
ফেসবুক পোস্টে সাজ্জাদ লেখেন, আমাদের মতো মানুষ আসলে এই দেশে থাকার যোগ্য না। ব্যাপারটা এমন না, এমন ঘটনা আজ প্রথম, প্রতিনিয়ত এমন ঘটনা ঘটে। কিন্তু চামড়া মোটা বলে এড়িয়ে যাই।
/এএম