যমুনা টেলিভিশনে সংবাদ, মুন্সিগঞ্জের সেই পারমিতা পেলো নতুন ঘর
স্টাফ করেসপনডেন্ট, মুন্সিগঞ্জ
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ পিএম
মুন্সিগঞ্জে ৩১ বছর ধরে বিদ্যুৎহীন শিক্ষার্থী পারমিতা পেলো নতুন ঘর। এর আগে, পারমিতার দুর্ভোগ নিয়ে চলতি বছরের এপ্রিলে ‘প্রতিবেশির বাঁধায় বিদ্যুৎহীন ৩১ বছর, কুপির আলোয়া ভরসা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে যমুনা টেলিভিশন।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সংসদ সদস্য কামরুজ্জামান রতন সদর উপজেলার সুধারচরে নেতাকর্মীদের নিয়ে পারমিতাকে প্রদান করা ৩ কক্ষ বিশিষ্ট আঁধাপাকা ঘরটির উদ্বোধন করেন তিনি। পরে তার পরিবারকে মিষ্টিমুখ করান। এ সময় উপস্থিত ছিলে ছাত্রদল, যুবদলসহ বিএনপি নেতাকর্মীরা।
এদিকে, বিদ্যুৎ সংযোগের পর নতুন ঘর পেয়ে উচ্ছাস প্রকাশ করেন পারমিতা ও তার পরিবার।
প্রসঙ্গত, এপ্রিল মাসে পারমিতার দুর্ভোগ নিয়ে যমুনা টেলিভিশনে সংবাদ প্রকাশ হলে জেলাজুড়ে আলোচনা তৈরি হয়। পরদিনই উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বিদ্যুৎ সংযোগ পায় পরিবারটি। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা পরিবারটির পাশে দাড়ালে নতুন ঘর নির্মানের আশ্বাস দিয়েছিলেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন।
/এসআর