×
Logo

জাতীয়

ডিসি হারুন

যাচাই-বাছাই শেষে জাসদ কার্যালয়ে আটক ২৮০-৩০০ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ পিএম

যাচাই-বাছাই শেষে জাসদ কার্যালয়ে আটক ২৮০-৩০০ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা

রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয় থেকে ২৮০-৩০০ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হারুন অর রশীদ। তিনি বলেন, আটকৃতদের বিরুদ্ধে যাচাই-বাছাই শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

ডিসি হারুন বলেন, আমাদের কাছে একটি তথ্য ছিল—জাসদ এবং তার সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের সদস্যরা একত্রিত হয়ে নাশকতা করার উদ্দেশ্যে অথবা অন্য কোনো অসৎ উদ্দেশ্যে এখানে জড়ো হয়েছিলেন।

তিনি আরও বলেন, সংবাদ পেয়ে পুলিশ প্রাথমিক ব্যবস্থাগুলো নিয়েছে। স্থানীয় ছাত্র-জনতা পুলিশকে সহায়তা করেছে। তারা আসলে কী উদ্দেশ্যে এখানে জড়ো হয়েছিল, তাদের কাছে কী কী তথ্য আছে এবং কী কী কর্মকাণ্ড তারা এখানে করেছে, সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে।

ডিসি হারুন বলেন, 'জয় বাংলা' স্লোগান দিয়েছে— আমাদের কাছে কিছু তথ্য আছে। এছাড়াও আরও কোনো কর্মকাণ্ড তারা করেছে কিনা এবং কেন তারা এখানে একত্রিত হয়েছিল, তা যাচাই-বাছাই করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আটককৃতদের পল্টন থানায় নেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন, তাদের নিরাপত্তার স্বার্থে এবং পুরো ঘটনাটা যাচাই-বাছাই করার স্বার্থে থানায় নিয়ে যাচ্ছি। যাচাই-বাছাই করে যার যার সম্পৃক্ততা পাওয়া যাবে, তাদের নামে মামলা হবে বা আইনানুগ প্রক্রিয়া গ্রহণ করা হবে। সম্পৃক্ততা পাওয়া না গেলে তাদের জন্য অন্য যে প্রক্রিয়া আছে, সেটা গ্রহণ করা হবে।

এর আগে, জাসদ কার্যালয়ে আওয়ামী লীগের চার শতাধিক নেতাকর্মী গোপন বৈঠক করছেন, এমন খবরে ভবনটি ঘেরাও করে যুবদলের নেতাকর্মীরা। এ সময়, জাসদ কার্যালয়ের বাইরে যুবদলের নেতাকর্মীরা স্লোগান দেন।

/এসআইএন

Logo