অ্যাটর্নি-জেনারেলের সঙ্গে নিহত শিশু রামিসার পিতা আব্দুল হান্নান মোল্লার সাক্ষাৎ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ পিএম
অ্যাটর্নি-জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজলের সঙ্গে সাক্ষাৎ করেছেন নিহত শিশু রামিসা আক্তারের পিতা আব্দুল হান্নান মোল্লা।
শনিবার (২৬ সেপ্টেম্বর) অ্যাটর্নি-জেনারেলের কার্যালয়ে এ সাক্ষাৎ হয়।
গত ১৯ মে ঢাকার পল্লবীর সেকশন-১১ এলাকায় নিজ ভবনের পাশের একটি ফ্ল্যাটে ধর্ষণের শিকার হয়ে নৃশংসভাবে নিহত হয় দ্বিতীয় শ্রেণির ছাত্রী শিশু রামিসা। এ ঘটনায় রামিসার পিতা আব্দুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় মামলা দায়ের করেন।
ঘটনার দিনই প্রতিবেশী সোহেল রানাকে গ্রেফতার করা হয় এবং পরবর্তীতে সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।
পরে, গত ২১ মে প্রধানমন্ত্রী তারেক রহমান রামিসার বাবা-মায়ের সঙ্গে সাক্ষাৎ করেন এবং দ্রুততম সময়ের মধ্যে তদন্ত সম্পন্ন করে বিচার নিশ্চিত করার বিষয়ে সরকারের অঙ্গীকার ব্যক্ত করেন।
পরবর্তীতে ৭ জুন দ্রুত বিচার প্রক্রিয়ায় ঢাকার একটি আদালত মামলার প্রধান অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড প্রদান করেন।
বর্তমানে মামলাটি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ডেথ রেফারেন্স/আপিল শুনানির জন্য নির্ধারিত রয়েছে। মামলার অগ্রগতি সম্পর্কে জানতে আজ রামিসার পিতা অ্যাটর্নি-জেনারেলের সঙ্গে সাক্ষাৎ করেন।
/এএন