×
Logo

জাতীয়

রাড্ডা সেন্টারের মালিকানা নিয়ে যা গণ্ডগোল আছে, সেটা কোর্টে নির্ধারিত হবে: স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ পিএম

রাড্ডা সেন্টারের মালিকানা নিয়ে যা গণ্ডগোল আছে, সেটা কোর্টে নির্ধারিত হবে: স্বাস্থ্যমন্ত্রী

মিরপুর-১-এ স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া রাড্ডা সেন্টারের মালিকানা নিয়ে যা গণ্ডগোল আছে, সেটা কোর্টে নির্ধারিত হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর মহাখালী কড়াইল বস্তির টিএনটি খেলার মাঠে ‘দেশব্যাপী বিশেষ হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬’ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তবে এরই মধ্যে এই ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে শাহ আলী থানা পুলিশ। সকাল থেকে গুঁড়িয়ে দেওয়া ভবনের প্রধান ফটকের সামনেই হামের টিকাদান কর্মসূচি চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এটা এনজিও পরিচালিত একটা মাতৃসেবাকেন্দ্র ছিল এবং টিকাদান-ইপিআই কর্মসূচি এখানে চালু করা হতো। এটার মালিকানা কার আমার জানা নেই। বাংলাদেশে জমি নিয়ে ডিসপিউট (মতবিরোধ) থাকে। তার মানে এই না যে, রাতের অন্ধকারে এইভাবে কেউ ভেঙে ফেলবে। এটা অবশ্যই অনাকাঙ্ক্ষিত।

তিনি আরও বলেন, এখানে টিকাদান কর্মসূচি যাতে চালু থাকে, সেই ব্যবস্থা করবো। ডিএনসিসি প্রশাসক সেই ব্যবস্থা অবশ্যই করেছেন। পুলিশ সেটা দেখভাল (দেখাশোনা) করবে। ভবিষ্যতে যেন এটা নিয়ে আর কোনো ধরনের অতিরিক্ত বাড়াবাড়ি কেউ না করতে পারে, সেই ব্যাপারে যথেষ্ট প্রতিশ্রুতিশীল আছি।

এদিকে, মিরপুর-১-এ স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া রাড্ডা সেন্টার ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দুষ্কৃতকারী যারাই হোক, তারা খুব দ্রুত গ্রেফতার হবে এবং তাদের আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ঢাকা উত্তর সিটি করপোরেশন প্রশাসক শফিকুল ইসলাম খান।

প্রসঙ্গত, রাড্ডা সেন্টারে হামলা-ভাঙচুরের ঘটনায় গতকাল মামলা দায়ের করে ক্লিনিক কর্তৃপক্ষ। শাহ আলী থানার এই মামলায়, হানিফ মিয়া নামের একজনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে অজ্ঞাত আরও আড়াইশো জনকে।

ক্লিনিক কর্তৃপক্ষের অভিযোগ, মুখোশ পরা অন্তত দুই শতাধিক ব্যক্তি নিরাপত্তাকর্মীদের জিম্মি করে, স্বাস্থ্যসেবা কেন্দ্রে ঢুকে চিকিৎসা সরঞ্জাম, ওষুধ, সরকারি টিকা, নগদ টাকা ও গুরুত্বপূর্ণ সামগ্রী লুট করেছে। পরে ভারী যন্ত্রপাতি দিয়ে একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবন গুঁড়িয়ে দেয় দুর্বৃত্তরা। প্রায় দেড় কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের। হামলার পর ক্লিনিকের জায়গায় দুর্বৃত্তদের টাঙানো ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’-এর সাইনবোর্ড নিয়েও তৈরি হয়েছে নতুন প্রশ্ন।

/এসআইএন


Logo