স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর
রাতের অন্ধকারে দখলদারিত্বের মতো ঘটনা সরকার চায় না: ডিএনসিসি প্রশাসক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ পিএম
মিরপুর-১-এ স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া রাড্ডা সেন্টার ভাঙচুর ও লুটপাটের ঘটনা প্রসঙ্গে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, রাতের অন্ধকারে দখলদারিত্বের মতো ঘটনা এই সরকার চায় না, আমরা নিজেরাও চাই না। তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর মহাখালী কড়াইল বস্তির টিএনটি খেলার মাঠে ‘দেশব্যাপী বিশেষ হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬’ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তবে বর্তমানে এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। সকাল থেকে গুঁড়িয়ে দেওয়া ভবনের প্রধান ফটকের সামনেই হামের টিকাদান কর্মসূচি চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বাড়ানো হয়েছে।
ডিএনসিসি প্রশাসক বলেন, যদি এই জায়গা নিয়ে সমিতি এবং রাড্ডার সাথে কোনো ধরনের আইনি বিষয় থেকে থাকে, সেটা কোর্টে ফয়সালা হবে বলে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, আমি আশা করছি, এই দুষ্কৃতকারী যারাই হোক, তারা খুব দ্রুত গ্রেফতার হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রসঙ্গত, রাড্ডা সেন্টারে হামলা-ভাঙচুরের ঘটনায় গতকাল মামলা দায়ের করে ক্লিনিক কর্তৃপক্ষ। শাহ আলী থানার এই মামলায়, হানিফ মিয়া নামের একজনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে অজ্ঞাত আরও আড়াইশো জনকে।
ক্লিনিক কর্তৃপক্ষের অভিযোগ, মুখোশ পরা অন্তত দুই শতাধিক ব্যক্তি নিরাপত্তাকর্মীদের জিম্মি করে, স্বাস্থ্যসেবা কেন্দ্রে ঢুকে চিকিৎসা সরঞ্জাম, ওষুধ, সরকারি টিকা, নগদ টাকা ও গুরুত্বপূর্ণ সামগ্রী লুট করেছে। পরে ভারী যন্ত্রপাতি দিয়ে একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবন গুঁড়িয়ে দেয় দুর্বৃত্তরা। প্রায় দেড় কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের। হামলার পর ক্লিনিকের জায়গায় দুর্বৃত্তদের টাঙানো, ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’-এর সাইনবোর্ড নিয়েও তৈরি হয়েছে নতুন প্রশ্ন।
/এসআইএন