কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ পিএম
বাংলাদেশ-কুয়েতের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, জনশক্তি রফতানি এবং অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও কুয়েতের ক্রাউন প্রিন্স শেখ সাবাহ খালেদ আল-হামাদ আল-সাবাহ।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর), যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে, কুয়েতের স্থায়ী মিশনে দুই নেতার মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফরের সময় এ বৈঠক করেন প্রধানমন্ত্রী।
বৈঠকে বাংলাদেশ ও কুয়েতের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর ও বহুমাত্রিক করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বিশেষ করে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, বাংলাদেশ থেকে কুয়েতে জনশক্তি রপ্তানি বৃদ্ধি এবং অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে এর বিকাশে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করেন।
তিনি বলেন, তাদের সময় থেকে বাংলাদেশ ও কুয়েতের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও সহযোগিতার যে ভিত্তি তৈরি হয়েছে, সময়ের সঙ্গে তা আরও বিস্তৃত হয়েছে। বর্তমান প্রেক্ষাপটে, দুই দেশের জনগণের পারস্পরিক কল্যাণে এই ঐতিহাসিক সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক করার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।
বৈঠকে দুই দেশের রাজনৈতিক নেতৃত্বের মধ্যে উচ্চপর্যায়ের যোগাযোগ আরও বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ, জনশক্তি এবং সম্ভাবনাময় অন্যান্য খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে মতবিনিময় করেন দুই নেতা।
/এআই