ইসি আনোয়ারুল ইসলাম সরকার
স্থানীয় নির্বাচন জানুয়ারিতে শুরু হতে পারে, ৪০-৪৫ দিন আগে তফসিল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ পিএম
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন আগামী জানুয়ারিতে শুরু হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আর ভোটের ৪০-৪৫ দিন আগে দেওয়া হবে নির্বাচনী তফসিল।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ব্রিফিংয়ে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে কথা বলেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।
এ সময় তিনি জানান, আগামী নভেম্বর-ডিসেম্বরে পাবলিক পরীক্ষায় বিঘ্ন না ঘটিয়ে পরবর্তী সময়ে নির্বাচন আয়োজন করার ব্যাপারে ভাবছে। এই সময়টিতে ভোটের সুযোগ নেই, জানুয়ারির দিকে করা যেতে পারে। এর আগে সম্ভাব্য তারিখ ঘোষণা করা হলেও সব দিক বিবেচনায় রোজা, ঈদ, পূজা, বোর্ড পরীক্ষা— এসবের মাঝেই নির্বাচন আয়োজন করার চিন্তা ভাবনা করছে ইসি।
এর আগে, ইসির ঘোষিত সম্ভাব্য ভোটের তারিখ অনুযায়ী, নভেম্বর থেকে ভোট হওয়ার কথা ছিল। তবে ইসির ঘোষণার পর সরকারকে নড়েচড়ে বসতে দেখা যায়।
এ নিয়ে ইসি আনোয়ারুল ইসলামের সরকারের দাবি, ইসি মোটেও সরকারের চাপে পিছিয়ে যায়নি। কেউ কাউকে আনুষ্ঠানিকভাবে বলে না নির্বাচন কবে হবে; এমন নজির নেই। ইসি আইন ও সংবিধানের বাইরে যায় না, বাস্তবতা বিবর্জিত কিছু করে না। শিক্ষার্থীদের কথা ভেবে পরিকল্পনায় পরিবর্তন আনা হয়েছে।
সরকারের সঙ্গে এ নিয়ে যোগাযোগের প্রসঙ্গে এ নির্বাচন কমিশনার বলেন, মন্ত্রণালয়ের সাথে তথ্য আদান-প্রদান হয়। ইসি তথ্য চায়, মন্ত্রণালয় তথ্য দেয়। সেই তথ্যের ভিত্তিতে আগায় ইসি।
/এমএন