চট্টগ্রামে শিশু জুলিয়া হত্যা মামলা
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আমীর হোসেনকে খালাস দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ এএম
চট্টগ্রামের শিশু জুলিয়া হত্যা মামলায় ঘটনার ২১ বছর পর মৃত্যুদণ্ড থেকে আমীর হোসেনকে খালাস দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। মূল আসামিকে না ধরে পুলিশ গ্রেফতার করেছিল আমীর হোসেনকে, পূর্ণাঙ্গ রায়ে জানান আদালত।
বুধবার (২৩ সেপ্টেম্বর) এই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়।
গত ১ সেপ্টেম্বর বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কেএম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ আমীর হোসেনকে খালাস দিয়ে ডেথ রেফারেন্স ও আপিলের ওপর রায় দেন।
এর আগে, ২০১৯ সালে ১০ ফেব্রুয়ারি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মেখল গ্রামে শিশু জুলিয়াকে ধর্ষণ ও হত্যার দায়ে তাকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২।
মামলার অভিযোগে বলা হয়, ২০০৫ সালের ১৬ মে হাটহাজারী উপজেলার মেখল গ্রামে ফুফুর বাড়িতে বেড়াতে যায় শিশু জুলিয়া আক্তার। আসামি আমীর হোসেন ওই বাড়িতে দিনমজুর হিসেবে কাজ করতেন। এ সময় আমীর হোসেন জুলিয়াকে অপহরণ করে বাড়ির পার্শ্ববর্তী নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ ও শ্বাসরোধে হত্যা করে খালে ফেলে দেন। পরে খালপাড় থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় জুলিয়ার পরিবারের পক্ষ থেকে আমীর হোসেনকে আসামি করে মামলা দায়ের করা হয়।
২০০৮ সালের ২৫ আগস্ট পুলিশি তদন্ত শেষে দেয়া হয় চার্জশিট। পরের বছর ৮ সেপ্টেম্বর মামলার বিচার কাজ শুরু হয়। মামলায় মোট ১৯ জন সাক্ষ্য দিয়েছিলেন।
/এএম