গাজী নজরুল ইসলামের শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ
স্টাফ করেসপনডেন্ট, সাতক্ষীরা
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ পিএম
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের শাস্তির দাবিতে বিক্ষোভ হয়েছে তার নিজ সংসদীয় আসন শ্যামনগরে। সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে উপজেলা সদরে সচেতন নাগরিক সমাজের ব্যানারে এই বিক্ষোভে অংশ নেন শতাধিক মানুষ।
বক্তারা বলেন, এমপি গাজী নজরুল সাতক্ষীরা-৪ আসনকে কলঙ্কিত করেছেন। একটি মেয়েকে চাকরির প্রলোভনে ফেলে তার জীবনটা শেষ করে দিয়েছেন। আমরা তার ফাঁসির দাবি জানাচ্ছি। এমপি পদ থেকে বহিষ্কার করে আসনটি শূন্য ঘোষণার দাবি করছি।
বিক্ষোভ শেষে এমপি গাজী নজরুলের কুশপুত্তলিকা দাহ করেন বিক্ষোভকারীরা।
গতকাল রোববার এমপির সরকারি বাসভবন থেকে দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় মরিয়মের বাবা মাছুম বিল্লাহ মেয়ের আত্মহত্যায় প্ররোচনা মামলা করেন এমপি, তার প্রথম স্ত্রী ও শ্যালকের বিরুদ্ধে। এ ঘটনায় এমপি ও তার প্রথম স্ত্রীকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। পরে আদালতে তোলা হলে গাজী নজরুল ইসলামকে ৪ দিনের ও তার প্রথম স্ত্রী মাকছুদা বেগমকে একদিনের রিমান্ড দিয়েছেন আদালত।
এর আগে, এমপির গাড়িচালক মরিয়মের আপন মামা ওবায়দুর রহমান তাদের আপত্তিকর ভিডিও ছড়িয়ে দিলে দেশজুড়ে সমালোচনার মুখে পড়ে জামায়াত থেকে বহিষ্কার হন এমপি নজরুল ইসলাম।
/এসআইএন