আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭
সাভার করেসপনডেন্ট
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ এএম
ঢাকার সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানা চত্বরে গ্যাস সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানে ভয়াবহ বিস্ফোরণের পর আগুন লাগার ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ২০ জন। বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে সিলিন্ডারবাহী গাড়িসহ আরও পাঁচ-ছয়টি গাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।
রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে সাতটার দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় প্রিটি গ্রুপের একটি পোশাক কারখানা চত্বরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিদের মধ্যে তাৎক্ষণিকভাবে একজনের পরিচয় নিশ্চিত করা গেছে। তার নাম জয়নব (৫৫)। তিনি গাজীপুরের কাশিমপুর এলাকার মোহম্মদ আলীর স্ত্রী। বাকি পাঁচজনের মরদেহ উদ্ধার করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় শনাক্ত করা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কারখানাটিতে ব্যবহারের উদ্দেশ্যে গ্যাস সিলিন্ডার নিয়ে আসা একটি কাভার্ড ভ্যান থেকে সিলিন্ডার খালাসের সময় আকস্মিক বিকট শব্দে বিস্ফোরণ ঘটে ও আগুন ধরে যায়। এরপর মুহূর্তের মধ্যে একের পর এক সিলিন্ডার ফাটতে থাকে। প্রচণ্ড বিস্ফোরণে কারখানা ভবনের জানালার কাচ ভেঙে চুরমার হয়ে যায় এবং আগুন পাশের আরও ৫-৬টি গাড়িতে ছড়িয়ে পড়ে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত নারী জয়নব কারখানা চত্বর থেকে প্রায় ২০০ গজ দূরের একটি টেইলার্সের দোকানে দাঁড়িয়ে ছিলেন। সেখানে তার মেয়ে সানজিদা আক্তার কাজ করেন এবং মেয়ের বাসায় বেড়াতে এসেছিলেন তিনি। বিস্ফোরণের তীব্রতায় একটি সিলিন্ডার উড়ে এসে ওই টেইলার্সের টিনের ছাদ ভেদ করে সরাসরি জয়নবের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় সেখানে উপস্থিত আরও বেশ কয়েকজন আহত হন।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর সোমেন বড়ুয়া জানান, কারখানায় ব্যবহারের জন্য গ্যাস সিলিন্ডার নামানোর সময়ই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবং আগুন ছড়িয়ে পড়ে বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, কারখানা থেকে কিছুটা দূরে উড়ে আসা সিলিন্ডারের আঘাতে এক নারী নিহত হন এবং অনেকে আহত হন।
পরবর্তীতে রাত সোয়া ১১টার দিকে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যানের ভেতর থেকে আরও পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তকরণ এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা নেওয়ার পাশাপাশি পুরো ঘটনার তদন্ত চলছে।
/এএ