×
Logo

জাতীয়

রাজধানীর ধউর এলাকায় বাসের ধাক্কায় পোশাক কারখানার কর্মকর্তা নিহত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ পিএম

রাজধানীর ধউর এলাকায় বাসের ধাক্কায় পোশাক কারখানার কর্মকর্তা নিহত

একে সোয়েটার কারখানায় জেনারেল ম্যানেজার নিহত মীর জালাল আহমেদ।

রাজধানীর তুরাগ থানার ধউর এলাকায় বাসের ধাক্কায় মীর জালাল আহমেদ (৫০) নামে এক পোশাক কারখানার কর্মকর্তা নিহত হয়েছেন।

নিহত মীর জালাল আহমেদ ধউর এলাকার বাসিন্দা। তিনি টঙ্গী পশ্চিম থানার, খান মোহাম্মদ রোডে অবস্থিত, একে সোয়েটার কারখানায় জেনারেল ম্যানেজার (জিএম) পদে কর্মরত ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (১৬ সেপ্টেম্বর), সকাল সাড়ে ৯টার দিকে, কর্মস্থলে যাওয়ার পথে ধউর বেড়িবাঁধ এলাকায় রাস্তা পার হচ্ছিলেন মীর জালাল আহমেদ। এ সময় এনা পরিবহনের একটি দ্রুতগামী বাস (ঢাকা মেট্রো-ব-১৫-০৩১০) তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কাছের ইস্ট-ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে তুরাগ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

ঘটনার দিনই, নিহতের ছেলে, আনিসুর রহমান বাদী হয়ে তুরাগ থানায় মামলা দায়ের করেন। পুলিশ ঘাতক বাসটি জব্দ করে থানায় নিয়ে গেলেও এখনো চালককে শনাক্ত বা গ্রেফতার করতে পারেনি।

এদিকে, দুর্ঘটনার তিন দিন পার হলেও এনা পরিবহন কর্তৃপক্ষ কিংবা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি বলে অভিযোগ করেছেন নিহতের স্বজনরা। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা।

নিহতের ছেলে আনিসুর রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্ঘটনার বিবরণ এবং ঘাতক বাসের ভিডিও প্রকাশ করে বাবার মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।

পরিবারের পক্ষ থেকে সড়ক ও সেতু মন্ত্রণালয়, বিআরটিএ এবং পুলিশ প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে। একই সঙ্গে দ্রুত পলাতক বাসচালককে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

/এআই 

Logo