×
Logo

জাতীয়

নতুন পে স্কেলে পেনশন বাড়বে যে হারে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ পিএম

নতুন পে স্কেলে পেনশন বাড়বে যে হারে

নতুন পে স্কেল বাস্তবায়ন হওয়ার সময় থেকেই অতি আগ্রহী ছিলেন পেনশনভোগীরা। যারা জানতে চাইছিলেন, তাদের ভাতা বাড়ছে কত?

জানা গেছে, নতুন বেতনস্কেল অনুযায়ী অবসরভোগী ও আজীবন পারিবারিক পেনশনভোগীদেরও নিট পেনশন পুনর্নির্ধারণ করা হয়েছে। যা হবে সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত। একই সঙ্গে পেনশনের সর্বনিম্ন ও সর্বোচ্চ সীমাও নির্ধারণ করা হয়েছে। 

নতুন কাঠামো অনুযায়ী, ৩০ জুন ২০২৬ তারিখে মূল পেনশনভোগীর নিট পেনশন ৯ হাজার টাকা বা তার কম হলে বৃদ্ধির হার হবে ১০০ শতাংশ। এ ক্ষেত্রে সর্বনিম্ন নিট পেনশন হবে ১০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১৮ হাজার টাকা।

যাদের নিট পেনশন ৯ হাজার ১ টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত, তাদের পেনশন বাড়বে ৭৫ শতাংশ। এ শ্রেণির সর্বনিম্ন নিট পেনশন নির্ধারণ করা হয়েছে ১৮ হাজার ১ টাকা এবং সর্বোচ্চ ৩৫ হাজার টাকা।

২০ হাজার ১ টাকা থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত নিট পেনশনপ্রাপ্তদের ক্ষেত্রে বৃদ্ধির হার ৬৫ শতাংশ। এ শ্রেণিতে সর্বনিম্ন নিট পেনশন হবে ৩৫ হাজার ১ টাকা এবং সর্বোচ্চ ৪৯ হাজার টাকা।

৩০ হাজার ১ টাকা থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত নিট পেনশনপ্রাপ্তদের জন্য বৃদ্ধির হার ৬০ শতাংশ। এ শ্রেণির সর্বনিম্ন নিট পেনশন ৪৯ হাজার ১ টাকা এবং সর্বোচ্চ ৬২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ৪০ হাজার ১ টাকা ও তদূর্ধ্ব নিট পেনশনপ্রাপ্তদের ক্ষেত্রে বৃদ্ধির হার ৫৫ শতাংশ। এ শ্রেণিতে সর্বনিম্ন নিট পেনশন হবে ৬২ হাজার ১ টাকা এবং সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা।

৭০ হাজার ২০০ টাকার বেশি পেনশনপ্রাপ্তদের জন্য বিশেষ বিধান

যেসব অবসরভোগী ইতোমধ্যে ৭০ হাজার ২০০ টাকার বেশি নিট পেনশন উত্তোলন করছেন, তারা ১ জুলাই ২০২৭ তারিখে পরবর্তী বার্ষিক বৃদ্ধি কার্যকর হওয়ার আগ পর্যন্ত বিদ্যমান নিট পেনশনই পাবেন।

নতুন বেতনস্কেল কার্যকর হওয়ার তারিখ থেকে নিট পেনশনপ্রাপ্ত অবসরভোগী ও আজীবন পারিবারিক পেনশনভোগীদের জন্য প্রচলিত বিশেষ সুবিধা বিলুপ্ত হবে।

এ ছাড়া ১ জুলাই ২০২৬ তারিখ থেকে কর্মরত কোনো কর্মচারী মারা গেলে প্রচলিত পারিবারিক পেনশন বিধি অনুসরণ করে তার পরিবার পেনশন, আনুতোষিক ও অন্যান্য প্রাপ্য ভাতা পাবেন।

/এমএমএইচ

Logo