×
Logo

জাতীয়

গণতন্ত্র ও মানবাধিকার তারেক রহমানের হাতে সুরক্ষিত নয়: নাহিদ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ পিএম

গণতন্ত্র ও মানবাধিকার তারেক রহমানের হাতে সুরক্ষিত নয়: নাহিদ

গণতন্ত্র ও মানবাধিকার তারেক রহমানের হাতে সুরক্ষিত নয়। তিনি নতুন স্বৈরাচার হিসেবে আবির্ভূত হয়েছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়াক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল জাতীয় সংসদ ভবনের সামনে মানবাধিকার লঙ্ঘনমূলক আইন পাশ, বিরোধীমত দমন, সরকারের বিতর্কিত কর্মকান্ডের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।

নাহিদ বলেন, দুদক সংস্কার না করে এনসিপি ও বিরোধীদলকে টার্গেট করছে। সাহস থাকলে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত দুর্নীতির অভিযোগ তদন্ত করুন। দুর্নীতি কারা করে, মানুষ তা দেখেছে। শেখ হাসিনার ধ্বংস করা প্রতিষ্ঠান সংস্কার না করে আপনারা সেই পথেই হাঁটছেন।

তিনি আরও বলেন, শেখ হাসিনার কায়দায় যাচ্ছেন। পুলিশ সংস্কার কমিশন করেননি বরং তাদেরকে প্রস্তুত করা হচ্ছে বিরোধীদলকে দমনে। এমনকি নির্বাচন কমিশনকেও ভূলুণ্ঠিত করছেন।

এদিকে, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, অন্তর্বর্তী সরকারের সময় গুম বন্ধ ও মানবাধিকার কমিশন শক্তিশালী করতে দুটি অধ্যাদেশ করা হয়েছিল। কিন্তু সরকার সেগুলো বাতিল করে শক্তিশালী আইন আনার কথা বলেছিল।

তিনি আরও বলেন, জনগণ আশা করেছিল, এতে অপরাধ দমন ও বিচার ব্যবস্থা আরও শক্তিশালী হবে। তবে সংসদে আনা আইনে উল্টো অপরাধ শক্তিশালী হয়েছে, আর বিচার দুর্বল হয়েছে।

অন্যদিকে, দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, তারেক রহমানকে মনে রাখতে হবে—নাহিদ ইসলাম, আখতার হোসেন, হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমসহ বাংলাদেশের তরুণ নেতৃত্ব যতদিন সক্রিয় থাকবে, স্বৈরাচারী পথে হাঁটলে ক্ষমতার মসনদ টিকিয়ে রাখা কঠিন হবে।

/এসআইএন


Logo