ভাইরাল অডিওটি এআই দিয়ে তৈরি, দাবি ওসি রাকিবুলের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ পিএম
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও রেকর্ডকে কেন্দ্র করে ঢাকা মহানগর পুলিশের ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) তাকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়।
এরপর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের প্রোফাইল থেকে একটি পোস্ট দিয়ে রাকিবুল দাবি করেন, ভাইরাল অডিওটি এআই দিয়ে তৈরি।
পোস্টে তিনি লেখেন– অ্যাডভান্স এআই ছাড়া এটা আর কিছু না। এ যুগে এআই দিয়েও ফাঁসানো যায় মানুষকে, এই অডিও না শুনলে বোঝাই যাবে না।
ওসি রাকিবুল লেখেন– গণমাধ্যমের প্রতি অনুরোধ, যাচাই-বাছাই না করে প্রচারের নামে অপ্রচার করলে একটা মানুষের মানসম্মান ধ্বংস হতে পারে, এটাও তাদের জানা দরকার। অথচ আমার নামে যে অপ্রচার করা হচ্ছে, সেটা আমি কখনও বলিও নাই। আল্লাহ সবার উত্তম মঙ্গল করুন।
সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে অডিও রেকর্ডটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এ নিয়ে নানা মহলে আলোচনা-সমালোচনার মধ্যে ওসি রাকিবুল ইসলামকে প্রত্যাহারের সিদ্ধান্তের কথা জানান ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।
/এএম