×
Logo

জাতীয়

সৌর বিদ্যুৎ সরঞ্জাম আমদানিতে কর ১৭ থেকে কমিয়ে ১ শতাংশ করলো এনবিআর

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ পিএম

সৌর বিদ্যুৎ সরঞ্জাম আমদানিতে কর ১৭ থেকে কমিয়ে ১ শতাংশ করলো এনবিআর

নবায়নযোগ্য জ্বালানি বিশেষ করে সৌর বিদ্যুৎ উৎপাদন বাড়াতে সৌর বিদ্যুৎ সংশ্লিষ্ট যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে শুল্ক-কর আরও কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সিদ্ধান্তের ফলে এসব উপকরণ আমদানিতে মোট করভার কমে দাঁড়িয়েছে ১ শতাংশে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) এনবিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে সৌর বিদ্যুৎ খাতের গুরুত্বপূর্ণ উপকরণ আমদানিতে আমদানি শুল্ক, রেগুলেটরি শুল্ক ও আগাম কর থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। তখন এসব পণ্য আমদানিতে ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) ও ২ শতাংশ অগ্রিম আয়করসহ মোট ১৭ শতাংশ করভার ছিল।

বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকট ও বিদ্যুৎ ঘাটতির প্রেক্ষাপটে সৌর বিদ্যুৎ উৎপাদন দ্রুত সম্প্রসারণের লক্ষ্যে এ সুবিধা আরও বাড়ানো হয়েছে বলে জানিয়েছে এনবিআর।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সৌর বিদ্যুৎ সংশ্লিষ্ট যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে ১ শতাংশের অতিরিক্ত কাস্টমস ডিউটি এবং রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক, মূল্য সংযোজন কর, আগাম কর ও অগ্রিম আয়কর থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ফলে এসব পণ্য আমদানিতে মোট করভার হবে মাত্র ১ শতাংশ।

এ সুবিধা প্রজ্ঞাপন জারির তারিখ থেকে ১৮০ দিন কার্যকর থাকবে।

এনবিআর আরও জানিয়েছে, আগে বাণিজ্যিক আমদানিকারকদের জন্য এ সুবিধা প্রযোজ্য ছিল না। নতুন সিদ্ধান্তে শর্তসাপেক্ষে বাণিজ্যিক আমদানিকারকরাও সৌর বিদ্যুৎ সংশ্লিষ্ট যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে একই কর সুবিধা পাবেন।

এনবিআরের আশা, কর কমানোর ফলে সৌর বিদ্যুৎ প্রকল্পের ব্যয় কমবে, নতুন বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা দ্রুত বাড়বে এবং জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমবে। এর মাধ্যমে দেশের জ্বালানি নিরাপত্তা ও টেকসই অর্থনৈতিক উন্নয়ন আরও শক্তিশালী হবে।

/এনএ 

Logo