অপরাধীদের দ্রুত জামিন ঠেকাতে নতুন আইন প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ পিএম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ফাইল ছবি
অপরাধীদের দ্রুত জামিন ঠেকাতে নতুন আইন প্রয়োজন। অপরাধ দমনে সরকারের পাশাপাশি গণমাধ্যমকর্মীদের আরও বলিষ্ঠ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন অব বাংলাদেশের (ক্র্যাব) ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুরো পৃথিবী ডিজিটালাইজড হচ্ছে। এতে অপরাধের ধরনেও পরিবর্তন এসেছে। সাইবার স্পেসে বাড়ছে অপরাধ।
দেশে সংঘটিত অনেক অপরাধের পেছনে জুয়া ও মাদকের সংশ্লিষ্টতা রয়েছে উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, অপরাধকে শুধু একটি ঘটনা হিসেবে দেখলে হবে না। কেন অপরাধ সংঘটিত হচ্ছে, এর নেপথ্যে কী কারণ রয়েছে, তা বিশ্লেষণ করতে হবে। সময়ের সাথে সমাজের চাহিদা অনুযায়ী অপরাধ দমনে আইনের পরিবর্তন করা দরকার বলেও জানান তিনি।
এখনও পুলিশকে আধুনিক করা যায়নি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বাস দেন, বাহিনীকে আধুনিক করতে সাইবার ল্যাব গঠনসহ অনেক কিছু করা হবে।
/এএম