×
Logo

জাতীয়

উত্তরায় ট্রাভেল এজেন্সিতে হামলা ও চাঁদাবাজির মামলায় গ্রেফতার ১

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ পিএম

উত্তরায় ট্রাভেল এজেন্সিতে হামলা ও চাঁদাবাজির মামলায় গ্রেফতার ১

রাজধানীর উত্তরায় একটি ট্রাভেল এজেন্সিতে হামলা চালিয়ে ভাঙচুর, মারধর ও ৫০ লাখ টাকা চাঁদা দাবির মামলায় আবুল খায়ের নামের এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

উত্তরা পশ্চিম থানা পুলিশ অভিযান চালিয়ে স্থানীয় জমজম টাওয়ার এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ আগস্ট উত্তরা এলাকার ‘তুলি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস’ নামের একটি প্রতিষ্ঠানে এই হামলার ঘটনা ঘটে। প্রতিষ্ঠানটির সাবেক কর্মচারী আবুল কালাম আজাদের নেতৃত্বে একদল দুর্বৃত্ত হঠাৎ কার্যালয়ে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায়।

এ সময় তারা ট্রাভেল এজেন্সির মালিককে মারধর করে এবং প্রাণনাশের হুমকি দিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে। পরবর্তীতে ভয়ভীতি দেখিয়ে তাৎক্ষণিকভাবে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রায় সাড়ে তিন লাখ টাকা হাতিয়ে নেয় তারা।

এ ঘটনায় প্রতিষ্ঠানটির ভুক্তভোগী মালিক বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও পাঁচজনকে আসামি করে উত্তরা পশ্চিম থানায় একটি চাঁদাবাজি ও মারধরের মামলা দায়ের করেন।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার আবুল খায়েরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। এছাড়া হামলার মূল পরিকল্পনাকারী সাবেক কর্মচারী আবুল কালাম আজাদসহ বাকি আসামিদের আইনের আওতায় আনতে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।

/এএ


Logo