ফিল্ড ফায়ারিংয়ে দুর্ঘটনা
আহত সেনা কর্মকর্তা ক্যাপ্টেন মহিউদ্দিনকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ এএম
উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুর্ঘটনায় আহত সেনা কর্মকর্তা ক্যাপ্টেন মহিউদ্দিনকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সেলেটার জেট চার্টারের একটি বিশেষ ফ্লাইটে তাকে সিঙ্গাপুর পাঠানো হচ্ছে।
তার সাথে পরিবারের একজন সদস্য এবং দুইজন ফিজিশিয়ান রয়েছেন। দুপুর নাগাদ তাকে বহনকারী ফ্লাইটটি সিঙ্গাপুরে পৌঁছানোর কথা রয়েছে।
এর আগে, গত বুধবার (৯ সেপ্টেম্বর) চট্টগ্রামের হাটহাজারীতে সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই দুই সৈনিক প্রাণ হারান।
পরে, শুক্রবার দুর্ঘটনায় আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে হাসপাতালে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন সেনা কর্মকর্তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি। প্রধানমন্ত্রী আহত অফিসারের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন এবং তার সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
/এএন