পাচার হওয়া অবরুদ্ধ সম্পদ থেকে কর আদায়ে ৭ সদস্যের কমিটি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ পিএম
বিদেশে পাচার হওয়া সম্পদ আদালতের আদেশে জব্দ বা অবরুদ্ধের পর সেই সম্পদ থেকে কর আদায় করতে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য অ্যাটর্নি জেনারেলকে প্রধান করে সাত সদস্যের কমিটি গঠন করেছে সরকার।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কেন্দ্রীয় ব্যাংক শাখা থেকে রোববার (১৩ সেপ্টেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
কমিটিকে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ও অন্যান্য পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে করণীয় নির্ধারণ এবং কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ দিতে বলা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটির আহ্বায়ক করা হয়েছে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলকে।
সদস্য হিসেবে রয়েছেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কেন্দ্রীয় ও বাণিজ্যিক ব্যাংক অনুবিভাগের অতিরিক্ত সচিব, দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক (মানিলন্ডারিং), বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান কর্মকর্তা, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের (সিআইসি) মহাপরিচালক এবং বাংলাদেশ পুলিশের সিআইডির অর্গানাইজড ক্রাইম শাখার ডিআইজি।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিদেশে পাচার হওয়া সম্পদের মধ্যে আদালত কর্তৃক অবরুদ্ধ বা সংযুক্ত হিসাব থেকে সরকারের শুল্ক ও কর আদায়ের ক্ষেত্রে কী ধরনের আইনি ও অন্যান্য পদক্ষেপ নেওয়া প্রয়োজন, তা নির্ধারণ করবে কমিটি।
একই সঙ্গে, এসব পদক্ষেপ বাস্তবায়নে করণীয় নির্ধারণ ও কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় সুপারিশমালা প্রণয়ন করবে কমিটি।
যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।
/এএম