বাংলাদেশ মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য ফোরামের আত্মপ্রকাশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ পিএম
‘বিভেদ নয় ঐক্য’ স্লোগানকে সামনে রেখে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য ফোরাম।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সংগঠনটি আত্মপ্রকাশ করে।
এসময় বক্তারা বলেন, বাংলাদেশে যারা বেড়ে উঠেছেন, তারা যে ধর্মেরই হোক সবাই বাংলাদেশি। একটি মহল বিশেষ ধর্মাবলম্বী বাংলাভাষী জনগোষ্ঠীকে 'সংখ্যালঘু' তকমা দিয়ে জাতীয় মূলধারা থেকে বিচ্ছিন্ন ও কোণঠাসা করার অপচেষ্টা চালাচ্ছে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এই ধরনের বিভাজনমূলক অপপ্রচার, মুক্তিযুদ্ধের চেতনা এবং সংবিধানের সাম্য ও মানবিক মর্যাদার নীতির সম্পূর্ণ পরিপন্থি। এই অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলাই এই ফোরাম প্রতিষ্ঠার মূল লক্ষ্য।
/এএন