ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে রাষ্ট্রীয় কারিকুলাম মানতে হবে: ববি হাজ্জাজ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৩ পিএম
ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে রাষ্ট্রের মৌলিক কারিকুলাম অনুসরণ করতে হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি অভিযোগ করেন, প্রাথমিক স্তরে দেশের অনেক ইংলিশ মিডিয়াম স্কুলই রাষ্ট্রীয় কারিকুলাম মানছে না।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে অক্সফোর্ড একিউ আয়োজিত স্কুল লিডার্স কনফারেন্সে তিনি এসব কথা বলেন।
ববি হাজ্জাজ বলেন, প্রাথমিক স্তরে শিক্ষার্থীরা কতক্ষণ বিদ্যালয়ে শিখনকালীন সময় ব্যয় করবে, এত বছরেও তা নির্ধারণ করা সম্ভব হয়নি। শিক্ষার মান উন্নয়নে কারিকুলাম বাস্তবায়ন ও শিক্ষক প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিতে হবে।
তিনি বলেন, একজন বাসার ড্রাইভারেরও প্রশিক্ষণ থাকে, কিন্তু অনেক ক্ষেত্রে কোনো প্রশিক্ষণ ছাড়াই শিক্ষকরা শ্রেণিকক্ষে পাঠদানের দায়িত্ব পাচ্ছেন। এ ধরনের পরিস্থিতি চলতে পারে না।
প্রতিমন্ত্রী আরও বলেন, ভবিষ্যতের বৈশ্বিক শিক্ষা ব্যবস্থার মানদণ্ড নির্ধারণে সরকার কারিকুলাম অনুসরণ এবং শিক্ষক প্রশিক্ষণের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে এসব ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
/এনএ