×
Logo

জাতীয়

কোস্ট গার্ডের ডিজি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন রিয়ার এডমিরাল মঈনুল হাসান

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ পিএম

কোস্ট গার্ডের ডিজি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন রিয়ার এডমিরাল মঈনুল হাসান

বাংলাদেশ কোস্ট গার্ডের নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রিয়ার এডমিরাল মো. মঈনুল হাসান। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) কোস্ট গার্ড সদর দফতরে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি।

এ সময় পূর্বতন মহাপরিচালক রিয়ার এডমিরাল মো. জিয়াউল হকের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন রিয়ার এডমিরাল মঈনুল হাসান। দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ বইতে স্বাক্ষরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নতুন দায়িত্ব গ্রহণ করেন তিনি। অনুষ্ঠানে কোস্ট গার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রিয়ার এডমিরাল মো. মঈনুল হাসান ১৯৮৯ সালের ১ জুলাই বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দেন। ১৯৯২ সালের ১ জানুয়ারি নৌবাহিনীর এক্সিকিউটিভ শাখায় কমিশন লাভ করেন তিনি। দীর্ঘ কর্মজীবনে নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ কমান্ড, স্টাফ ও নেতৃত্বের দায়িত্ব পালন করেছেন।

তিনি কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার বাংলাদেশ নেভাল ফ্লিট, নেভি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের প্রথম কমান্ড্যান্ট এবং কমোডর নেভাল এভিয়েশন হিসেবে দায়িত্ব পালন করেন। নৌ সদর দফতরে পরিচালক নৌ পরিকল্পনা, পরিচালক নৌ এভিয়েশন ও নেভাল সেক্রেটারির দায়িত্বও পালন করেছেন। এছাড়া বাংলাদেশ কোস্ট গার্ডের উপমহাপরিচালক হিসেবেও দায়িত্বে ছিলেন তিনি।

দেশ-বিদেশে বিভিন্ন উচ্চতর প্রশিক্ষণ ও শিক্ষা গ্রহণ করেছেন মঈনুল হাসান। তিনি মিরপুরের ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ ও ন্যাশনাল ডিফেন্স কলেজের পাশাপাশি ভারতের ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজ এবং যুক্তরাষ্ট্রের নেভাল ওয়ার কলেজ থেকে প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। তার শিক্ষাগত যোগ্যতার মধ্যে ডিফেন্স স্টাডিজ ও স্ট্র্যাটেজিক স্টাডিজে দুটি এমএসসি ডিগ্রি রয়েছে। বর্তমানে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) পিএইচডি করছেন তিনি।

সমুদ্রগামী দায়িত্বে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে রিয়ার এডমিরাল মঈনুল হাসানের। তিনি একটি করভেট, দুটি অফশোর প্যাট্রোল ভেসেল, তিনটি ফাস্ট অ্যাটাক ক্রাফট ও একটি মিসাইল বোটের অধিনায়কত্ব করেছেন। নেভাল এভিয়েশন উইংয়ের উন্নয়নেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি।

আন্তর্জাতিক পরিমণ্ডলেও কাজের অভিজ্ঞতা রয়েছে তার। ২০০৭-০৮ সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইন আইভরি কোস্টে (ইউএনওসিআই) সামরিক পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক সামরিক মহড়া, সম্মেলন ও সেমিনারে বাংলাদেশ নৌবাহিনীর প্রতিনিধিত্ব করেছেন।

এ ছাড়া পেশাগত দায়িত্বে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি নৌবাহিনী পদক, বিশিষ্ট সেবা পদক এবং বাংলাদেশ কোস্ট গার্ড পদক অর্জন করেছেন।

/এনএ 



Logo