ভারতে দুই বছর কারাভোগ শেষে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশি
বেনাপোল (যশোর)প্রতিনিধি
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ পিএম
দুই বছর ভারতে কারাভোগ শেষে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন ৪৭ বাংলাদেশি। এদের মধ্যে ৪ জন নারী ও ৪৩ জন পুরুষ রয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বেনাপোল ইমিগ্রেশন পুলিশ ও বিজিবি’র কাছে ৪৭ বাংলাদেশিকে হস্তান্তর করে।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান জানান, এক থেকে দুবছর আগে ভালো কাজের আশায় দালালের খপ্পরে পড়ে তারা ভারতের তামিলনাড়ু সহ বিভিন্ন এলাকায় যান। পরে সে দেশের পুলিশের হাতে আটক হন। পরে বিভিন্ন মেয়াদে সাজা শেষে তাদের তামিলনাড়ুর সালেমের আত্তূর ও ত্রিচি ক্যাম্প নামে একটি বেসরকারি শেল্টার হোমে আশ্রয় হয়।
পরে দু দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের পর ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় তারা দেশে ফিরে এসেছেন। এদের বাড়ি নড়াইল, বাগেরহাট, গোপালগঞ্জ, সাতক্ষীরা, ঢাকা, ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন এলাকায়।
তিনি আরও বলেন, ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করে এদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে। পরে থানা থেকে এদেরকে মহিলা আইনজীবী সমিতি, রাইটস যশোর ও জাস্টিস এন্ড কেয়ার নামে তিনটি এনজিও সংস্থা তাদের নিয়ে তাদের পরিবারের কাছে পৌঁছে দেবেন।
/এসআর