কটন সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার, ব্যাংক গ্যারান্টিতে সুযোগ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পিএম
১০ থেকে ৩০ কাউন্টের কটন সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে ওয়্যারহাউস লাইসেন্সধারী রফতানিকারকদের ব্যাংক গ্যারান্টির মাধ্যমে এ সুতা আমদানির সুযোগ দেওয়া হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) এ বিষয়ে আদেশ জারি করেছে এনবিআর। আদেশে বলা হয়েছে, ১০ থেকে ৩০ কাউন্টের কটন সুতা আমদানিতে আগের বন্ড সুবিধা আর থাকছে না। তবে ওয়্যারহাউস লাইসেন্সধারী রফতানিকারকরা নির্দিষ্ট শর্তে ব্যাংক গ্যারান্টি দিয়ে এ কাঁচামাল আমদানি করতে পারবেন।
এ জন্য সংশ্লিষ্ট রফতানিকারককে বিজিএমইএ, বিকেএমইএ অথবা বিটিএমএর প্রত্যয়নপত্র সংশ্লিষ্ট কাস্টমস স্টেশনে জমা দিতে হবে। পাশাপাশি আমদানির সময় প্রযোজ্য শুল্ক ও করের সমপরিমাণ অর্থের ব্যাংক গ্যারান্টি দিতে হবে।
আমদানি করা কাঁচামাল দিয়ে তৈরি পণ্য রফতানি হওয়ার পর সংশ্লিষ্ট লাইসেন্সিং কর্তৃপক্ষের প্রত্যয়নপত্রের ভিত্তিতে ব্যাংক গ্যারান্টি অবমুক্ত করা যাবে।
তবে আদেশ জারির আগে জাহাজীকরণ করা পণ্যচালানের ক্ষেত্রে এ সিদ্ধান্ত প্রযোজ্য হবে না।
/এনএ