×
Logo

জাতীয়

উত্তরা বিআরটিএতে দালালবিরোধী অভিযান, আটক ৩

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪ পিএম

উত্তরা বিআরটিএতে দালালবিরোধী অভিযান, আটক ৩

সেবা গ্রহীতাদের হয়রানি ও দালাল চক্রের তৎপরতা বন্ধে রাজধানীর উত্তরা বিআরটিএ কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনজনকে আটক করা হয়েছে। পরে তাদের মধ্যে দুজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং একজনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল-৩, উত্তরা কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত-৬-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে বিআরটিএ কার্যালয় এলাকা থেকে তিনজনকে আটক করা হয়। পরে তারা ভ্রাম্যমাণ আদালতের কাছে নিজেদের অপরাধ স্বীকার করলে আদালত দুজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অপরজনকে ১০ হাজার টাকা জরিমানা করেন। দণ্ডপ্রাপ্ত দুজন হলেন মো. মনিরুজ্জামান হাওলাদার (২৬) ও মো. মাসুদ (৩৮)।

অভিযোগ রয়েছে, একটি প্রতারক চক্র বিআরটিএ কার্যালয়ে আসা সেবা গ্রহীতাদের দ্রুত কাজ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছিল। একই সঙ্গে অপ্রয়োজনীয় কাগজপত্র নেওয়ার মাধ্যমেও তাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছিল। এসব অভিযোগের ভিত্তিতেই অভিযান চালানো হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার বলেন, দালাল ও প্রতারক চক্রের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। বিআরটিএ কার্যালয় দালালমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।

/এনএ 


Logo