মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে উচ্চবাচ্য: এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ পিএম
সুপ্রিম কোর্ট বার সভাপতি মাহবুব উদ্দিন খোকনের সাথে উচ্চাবাচ্যে জড়িয়ে এজলাস ছাড়লেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পুরো আপিল বিভাগ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এই ঘটনা ঘটে।
মঙ্গলবার এক মামলার শুনানিতে প্রধান বিচারপতি দায়িত্ব নেওয়ার পর মামলা পরিচালনা কমে যাওয়া এবং আইনজীবীদের আয় কমে যাওয়ার বিষয়টি আপিল বিভাগের নজরে আনেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মাহবুব উদ্দিন খোকন।
রিট মামলায় প্রতারণার অভিযোগে এক নারী আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা অস্বাভাবিক উল্লেখ করে তা মওকুফের আবেদন জানান তিনি। পরে বিষয়টি নিয়ে বাকবিতন্ডায় জড়িয়ে এজলাস ছাড়েন আপিল বিভাগের পুরো বেঞ্চ।
বিষয়টি নিশ্চিত করে মাহবুব উদ্দিন খোকন বলেন, প্রধান বিচারপতি দায়িত্ব নেওয়ার পর মামলা পরিচালনা ও আয় কমে যাওয়া এবং এক আইনজীবীকে বড় অঙ্কের টাকা জরিমানা করার বিষয়টি সামনে আনার পর ক্ষোভ ও অভিমান প্রকাশ করেন প্রধান বিচারপতি।
গত বছরের ২৮ ডিসেম্বর দেশের ২৮তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন জুবায়ের রহমান চৌধুরী। এরপরই আপিল বিভাগে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়। সম্প্রতি আপিল বিভাগে মোবাইল ফোন বন্ধ করে আইনজীবীদের প্রবেশেও দেওয়া হয় নির্দেশনা। শুধু তাই নয়, সর্বোচ্চ আদালতের এজলাসে প্রবেশ করতে দেওয়া হয় না কোনো বিচার প্রার্থীকেও।
এ নিয়ে মাহবুব উদ্দিন খোকনের ভাষ্য, আদালতের বিচারের স্বচ্ছতার জন্য সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া উচিত।
/এমএন