×
Logo

জাতীয়

যশোরে নিষিদ্ধ চরমপন্থী দলের সদস্যের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

যশোর করেসপনডেন্ট

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ পিএম

যশোরে নিষিদ্ধ চরমপন্থী দলের সদস্যের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

যশোরের অভয়নগরে একটি নিষিদ্ধ চরমপন্থী দলের সক্রিয় সদস্য বাহারুল মল্লিকের (৫০) গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার রানাগাতী গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় মরদেহের পাশ থেকে পিস্তলের এক রাউন্ড ব্যবহৃত বুলেটের খোসা এবং লাল টেপে মোড়ানো একটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।

নিহত বাহারুল মল্লিক রানাগাতী গ্রামেরই বাসিন্দা। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ১৫ বছর আগে বাড়ি ছেড়ে চলে যান তিনি এবং এরপর থেকে তিনি নিষিদ্ধ চরমপন্থী সংগঠনের কার্যক্রমে যুক্ত ছিলেন বলে এলাকায় প্রচার রয়েছে। তিনি এলাকায় আসতেন না, কেবল মুঠোফোনের মাধ্যমে মাঝেমধ্যে পরিবারের সঙ্গে যোগাযোগ রাখতেন।

সোমবার ভোরে রানাগাতী গ্রামের একটি রাস্তার পাশে বাহারুলকে রক্তাক্ত ও নিথর অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। খবর পেয়ে অভয়নগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা যায়, বাহারুলের শরীরে স্পষ্ট গুলির চিহ্ন পাওয়া গেছে। পুলিশের প্রাথমিক ধারণা, গত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা বা তার প্রতিপক্ষ গ্রুপের লোকজন তাকে গুলি করে হত্যা করে রাস্তার পাশে মরদেহটি ফেলে রেখে চলে গেছে।

পুলিশ আরও জানায়, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন এবং জড়িত চরমপন্থী বা সন্ত্রাসী গোষ্ঠীকে শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের বিশেষ দল কাজ শুরু করেছে।

/এএ 

Logo