বিএসটিআইয়ের অভিযান
নোংরা পরিবেশে মিষ্টি তৈরি, নামি-দামি দোকানে সরবরাহ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ পিএম
নামবিহীন প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সুইট মিট, রসগোল্লা, সন্দেশসহ বিভিন্ন ধরনের মিষ্টি উৎপাদন করে নামী-দামি মিষ্টির দোকানে সরবরাহের অভিযোগে মিরপুরের একটি নামবিহীন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ঢাকা মহানগরীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে ই-১, ইস্টার্ন হাউজিং, মিরপুর এলাকার নামবিহীন ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের মান সনদ লাইসেন্স গ্রহণ না করেই বিভিন্ন ধরনের মিষ্টি উৎপাদন, বিক্রয় ও বাজারজাত করে প্রতারণা করে আসছিলো।
অভিযানের সময় প্রতিষ্ঠানটিতে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদনের চিত্র পাওয়া যায়। সেখানে উৎপাদিত মিষ্টি বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার, নেভি মুসলিম সুইটস, রসের হাড়ি ও কালশী মোড় এলাকার বিভিন্ন মিষ্টির দোকানে সরবরাহ করা হয় বলে অভিযানে তথ্য পাওয়া যায়।
অভিযানে বিষয়টি আরও উদ্বেগজনক হয়ে ওঠে এ কারণে যে, ভোক্তারা নামী-দামি ব্র্যান্ডের দোকান থেকে মিষ্টি কিনলেও সেগুলোর একটি অংশ কোথায়, কী পরিবেশে এবং কীভাবে উৎপাদিত হচ্ছে সে বিষয়ে অনেক সময় অবগত থাকেন না। ফলে অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদিত খাদ্যপণ্য সরবরাহের এ ধরনের চিত্র জনস্বাস্থ্যের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুবুল ইসলাম-এর নেতৃত্বে এবং এপিবিএন-১১-এর সহযোগিতায় পরিচালিত মোবাইল কোর্টে প্রতিষ্ঠানটির অপরাধ আমলে নিয়ে বিএসটিআই আইন, ২০১৮-এর ৩১ ধারা অনুযায়ী সতর্কতামূলকভাবে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ আদায় করা হয়।
একইসঙ্গে প্রতিষ্ঠানটিকে দ্রুততম সময়ের মধ্যে প্রতিষ্ঠানের মানোন্নয়ন, বিএসটিআইয়ের মান সনদ ও পণ্য মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ করে কেবল অনুমোদিত পণ্য বাজারজাত করার নির্দেশ দেওয়া হয়।
অভিযানে বিএসটিআইয়ের প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ফিল্ড অফিসার (সিএম) নুর জাহান এবং পরীক্ষক (মেট্রোলজি) শিখন সাহা।
ভোক্তাদের জন্য নিরাপদ ও মানসম্মত খাদ্যপণ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে লাইসেন্সবিহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
/এমএইচআর