ট্রাফিক আইন লঙ্ঘন
বিমানমন্ত্রীর দুঃখ প্রকাশ; বললেন— পরিবর্তিত বাংলাদেশে কেউ আইনের ঊর্ধ্বে নয়
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ পিএম
ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে সংসদ অধিবেশন শেষে বের হয়ে সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি দুঃখ প্রকাশ করেন।
বিমানমন্ত্রীর মতে, এই ঘটনায় প্রমাণ হয়েছে পরিবর্তিত বাংলাদেশে কেউ আইনের ঊর্ধ্বে নয়। ফ্যাসিবাদী আমলের মতো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য আইনকে ভিন্নভাবে প্রয়োগ করার সুযোগ তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার দেবে না। আইন ভাঙলে মন্ত্রীকেও জবাবদিহি করতে হবে এটাই নতুন বাংলাদেশের বার্তা।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে ঢাকার সার্কিট হাউজ রোডে এম রশিদুজ্জামান মিল্লাতের গাড়ি উল্টোপথে বেপরোয়াভাবে চালানোর অভিযোগে দুইটি মামলা করে ট্রাফিক পুলিশ। দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
বাংলাদেশে এই প্রথম কোনো মন্ত্রীর গাড়ি উল্টোপথে চলার অভিযোগে মামলা হয়েছে বলে জানা গেছে, এটিকে নজিরবিহীন বলছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি মামলার ঘটনা বেশ আলোচনা সৃষ্টি করেছে।
/এমএন