×
Logo

জাতীয়

পুলিশকে দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ পিএম

পুলিশকে দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি

দুষ্টের দমনে পুলিশকে কঠোর এবং শিষ্টের পালনে ন্যায়সঙ্গত ও মানবিক আচরণ করতে হবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বঙ্গভবনে বাংলাদেশ পুলিশের আইজিপি মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ নির্দেশনা দেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতি বলেন, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। একইসঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠায় দ্রুত ও যথাযথ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি।

সাইবার অপরাধ, অপতথ্য, মিথ্যা তথ্য ও গুজব, ছিনতাই, চাঁদাবাজি এবং মাদকের বিস্তার রোধে কার্যকর ব্যবস্থা নিতে আইজিপিকে নির্দেশ দেন রাষ্ট্রপতি। নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পাশাপাশি এসব বিষয়ে জনগণকে নিয়মিত অবহিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

এ সময় বিচারবহির্ভূত হত্যা, জনগণকে হয়রানি ও মিথ্যা মামলা বন্ধে কার্যকর ব্যবস্থা অব্যাহত রাখার নির্দেশ দেন রাষ্ট্রপতি। মানুষের মৌলিক মানবাধিকার ও গণতান্ত্রিক অধিকার সমুন্নত রাখতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।

সাক্ষাৎকালে আইজিপি পুলিশ বাহিনীর আধুনিকায়ন, ডিজিটালাইজেশন ও মনোবল দৃঢ় রাখতে নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। পাশাপাশি দায়িত্ব পালনে সহযোগিতা কামনা করলে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন রাষ্ট্রপতি। 

/এনএ 

Logo