কমলো এলপিজির দাম, ১২ কেজি সিলিন্ডার ১ হাজার ৫৮৫ টাকা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পিএম
গ্যাসের সংকটের মধ্যেই সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কিছুটা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। প্রতি কেজি এলপিজির দাম ১ টাকা ৩ পয়সা কমানো হয়েছে। এতে সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এতদিন এর দাম ছিল ১ হাজার ৫৯৮ টাকা।
বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে নতুন দাম কার্যকর হবে।
এর আগে জুলাইয়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫২৮ টাকা। আগস্টে এক লাফে ৭০ টাকা বাড়ানোর পর সেপ্টেম্বরে ১৩ টাকা কমানো হলো। ফলে জুলাইয়ের তুলনায় এখনও প্রতি সিলিন্ডারে ৫৭ টাকা বেশি গুনতে হচ্ছে ভোক্তাদের।
পাইপলাইনের গ্যাস সংকটে রান্নার কাজে এলপিজির ওপর নির্ভরতা বাড়ায় দামের এই ওঠানামার সরাসরি প্রভাব পড়ছে মধ্যবিত্তের সংসার খরচে।
বিইআরসি জানিয়েছে, সেপ্টেম্বরের জন্য সৌদি আরামকোর ঘোষিত প্রোপেন ও বিউটেনের অনুপাত ৩৫:৬৫ অনুযায়ী গড় সৌদি সিপি দাঁড়িয়েছে প্রতি মেট্রিক টন ৬৪৭ দশমিক ৭৫ ডলার। এর সঙ্গে জাহাজভাড়া, ব্যবসায়ীদের প্রিমিয়াম এবং প্রতি ডলারের গড় বিনিময় হার ১২৩ টাকা ৩০ পয়সা হিসাব করে এলপিজির দাম সমন্বয় করা হয়েছে।
নতুন দর অনুযায়ী, ৫ দশমিক ৫ কেজির সিলিন্ডার ৭২৭ টাকা, ১২ দশমিক ৫ কেজি ১ হাজার ৬৫২ টাকা, ১৫ কেজি ১ হাজার ৯৮২ টাকা, ১৬ কেজি ২ হাজার ১১৩ টাকা, ১৮ কেজি ২ হাজার ৩৭৮ টাকা, ২০ কেজি ২ হাজার ৬৪২ টাকা, ২২ কেজি ২ হাজার ৯০৭ টাকা, ২৫ কেজি ৩ হাজার ৩০৩ টাকা, ৩০ কেজি ৩ হাজার ৯৬৪ টাকা, ৩৩ কেজি ৪ হাজার ৩৬০ টাকা, ৩৫ কেজি ৪ হাজার ৬২৪ টাকা এবং ৪৫ কেজির সিলিন্ডারের দাম ৫ হাজার ৯৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া গাড়িতে ব্যবহৃত অটোগ্যাসের দাম কমিয়ে প্রতি লিটার ৭৩ টাকা ৯ পয়সা করা হয়েছে। রেটিকুলেটেড এলপিজির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ১২৮ টাকা ৩৭ পয়সা। তবে সরকারি কোম্পানির ১২ দশমিক ৫ কেজির সিলিন্ডারের দাম আগের মতোই ৭৭৬ টাকা ৯৩ পয়সা রয়েছে।
২০২১ সালের এপ্রিল থেকে আন্তর্জাতিক বাজারে প্রোপেন ও বিউটেনের দাম এবং ডলারের বিনিময় হারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসে এলপিজির দাম নির্ধারণ করে আসছে বিইআরসি।
তবে নির্ধারিত দামে বাজারে এলপিজি না পাওয়ার অভিযোগ দীর্ঘদিনের। এ বিষয়ে নিজেদের আগের আদেশ পুনর্ব্যক্ত করে কমিশন জানিয়েছে, মজুত, বোতলজাতকরণ, পরিবেশক কিংবা খুচরা— কোনো পর্যায়েই নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম নেওয়া যাবে না।
/এনএ