×
Logo

জাতীয়

বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ৫ টাকা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ পিএম

বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ৫ টাকা

বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৫ টাকা বাড়ানো হয়েছে। ফলে ১৯৯ টাকা থেকে বেড়ে এখন প্রতি লিটার সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে ২০৪ টাকা।

বুধবার (২ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন বাণিজ্য সচিব আতাউর রহমান খান। তিনি জানান, বাণিজ্যমন্ত্রী ও ট্যারিফ কমিশনের সঙ্গে আলোচনা করেই দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ নিয়ে গত চার মাসে দুই দফায় বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়লো ৯ টাকা। 

এর আগে, চলতি বছরের ২৬ এপ্রিল দেশের বাজারে সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছিল। তখন প্রতি লিটার ১৯৫ টাকা থেকে ৪ টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৯ টাকা নির্ধারণ করা হয়।

তবে রমজানের আগে আবারও তেলের দাম সমন্বয় করা হতে পারে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

দাম বাড়লেও এতে ভোক্তা পর্যায়ে বড় ধরনের চাপ পড়বে না বলে দাবি করেন বাণিজ্য সচিব। একইসঙ্গে পে-স্কেলের সঙ্গে সয়াবিন তেলের দাম বাড়ানোর কোনো সম্পর্ক নেই বলেও জানান তিনি।

এ ছাড়া বাজারে অন্যান্য নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবে বলেও জানান বাণিজ্য সচিব আতাউর রহমান খান।

/এনএ 


Logo