×
Logo

জাতীয়

চট্টগ্রাম অভিমুখী লংমার্চে হামলা হলে দায় সরকারের উপর বর্তাবে: মিয়া গোলাম পরওয়ার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৮:০৭ পিএম

চট্টগ্রাম অভিমুখী লংমার্চে হামলা হলে দায় সরকারের উপর বর্তাবে: মিয়া গোলাম পরওয়ার

এগারো দলের চট্টগ্রাম অভিমুখী লংমার্চে কোথাও হামলার ঘটনা ঘটলে সেই দায় সরকারের উপর বর্তাবে বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। সোমবার (৩১ আগস্ট) বিকেলে রাজধানীর মগবাজারে লংমার্চের বিষয়ে গণমাধ্যমকে ব্রিফিংকালে এ মন্তব্য করেন তিনি। 

গোলাম পরওয়ার বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধসহ ৬ দফা দাবিতে ১১ দলীয় ঐক্য আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা টু চট্টগ্রাম লংমার্চ করবে। এর প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে নেয়া হয়েছে। 

তিনি বলেন, সংসদে ও সংসদের বাইরে বিরোধীদলীয় সংসদ সদস্যদের সাথে কটু ভাষায় কথা বলা হচ্ছে, সরকারদলীয় নেতাকর্মীরা বিরোধীদলীয় এমপিদের উপর হামলা চালাচ্ছে। আমরা আশা করছি গণতন্ত্রকে সমুন্নত রাখতে বিরোধীদলের গণতান্ত্রিক কর্মসূচি লংমার্চে সরকার কোনো প্রকার বাধা সৃষ্টি করবে না। আমরা বিরোধী দলের শান্তিপূর্ণ ও গঠনমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার ও সরকারদলীয় শীর্ষ নেতা এবং সরকারি আমলাদের সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি। 

সরকারকে সতর্ক করে গোলাম পরওয়ার বলেন, যদি আমাদের শান্তিপূর্ণ কর্মসূচির কোথাও বাধা দেয়া হয়, সন্ত্রাসী কর্তৃক হামলা করা কিংবা ভয়ভীতি দেখানো হয়, নাশকতা করার চেষ্টা করা হয়- তাহলে প্রমাণ হবে যে, জুলাই অভ্যুত্থানের পর জুলাই সনদের আলোকে আকাঙ্ক্ষার নতুন বাংলাদেশকে সরকার ধারণ করে না। লংমার্চকে বাধাগ্রস্ত করা হলে সরকারের প্রতি জনঅনাস্থা আরও বাড়বে।

উল্লেখ, লংমার্চ কর্মসূচির দিন সকাল ৭টায় শাপলা চত্বরে সমাবেশের মাধ্যমে চট্টগ্রাম অভিমুখে রওনা হবে বহর। পথিমধ্যে নারায়ণগঞ্জ, কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড, ফেনীর মহিপাল, চট্টগ্রামের মিরেরসরাইয়ে পথসভায় মিলিত হবে লংমার্চের বহর। এছাড়াও অনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে বিপুল জনসমাগমস্থলে ১১ দলের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন বলেও জানানো হয়েছে। 

/এসআর 

Logo