×
Logo

জাতীয়

নতুন পে-স্কেলের অনুমোদন দিলো সরকার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৬:২১ পিএম

নতুন পে-স্কেলের অনুমোদন দিলো সরকার

সরকারি চাকরিজীবীদের জন্য প্রস্তাবিত ৯ম পে-স্কেলের অনুমোদন দিয়েছে তারেক রহমানের সরকার। সোমবার (৩১ আগস্ট) বিকেল ৫টায় সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে নতুন বেতন কাঠামোর অনুমোদন দেওয়া হয়েছে।

অনুমোদিত জাতীয় বেতনস্কেল ২০২৬-এ সরকারি কর্মচারীদের বিদ্যমান ২০টি বেতন গ্রেড বহাল রেখে মূল বেতন পুনর্নির্ধারণ করা হয়েছে। এতে গ্রেড-১ এ সর্বোচ্চ মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা। আর ২০তম গ্রেডে সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা।

সর্বনিম্ন ও সর্বোচ্চ গ্রেডের বেতনের অনুপাত বিদ্যমান ১:১.৯৪৫ থেকে কমিয়ে ১:১.৭৮ করা হয়েছে। ফলে সর্বনিম্ন গ্রেডের মূল বেতন ১৪২ শতাংশ এবং সর্বোচ্চ গ্রেডের নির্ধারিত বেতন ১০০ শতাংশ বৃদ্ধি পাবে।

নতুন এই পে-স্কেল কাঠামো চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর হবে। এর মধ্যে ২০২৭ সালের পহেলা জুলাইয়ের মধ্যে তিনটি ধাপে বেতনের অংশ বাস্তবায়ন করা হবে এবং ভাতাসমূহ ২০২৮-এর পহেলা জানুয়ারি থেকে কার্যকর হবে।

এছাড়া, অবসরভোগী পেনশনধারীদের জীবনযাত্রার মান ও বৃদ্ধ বয়সের আর্থিক নিরাপত্তার বিষয় বিবেচনায় নিয়ে স্ল্যাবভিত্তিক নিট পেনশনের পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সিদ্ধান্ত অনুযায়ী, মাসিক ৯,০০০ টাকা বা এর নিচে নিট পেনশন আহরণকারীদের ক্ষেত্রে নিট পেনশন ১০০ শতাংশ; ৯,০০১ টাকা থেকে ২০,০০০ টাকা পর্যন্ত নিট পেনশন আহরণকারীদের ক্ষেত্রে নিট পেনশন ৭৫ শতাংশ; ২০,০০১ টাকা থেকে ৩০,০০০ টাকা পর্যন্ত আহরণকারীদের  ক্ষেত্রে নিট পেনশন ৬৫ শতাংশ; ৩০,০০১ টাকা থেকে ৪০,০০০ টাকা পর্যন্ত আহরণকারীদের ক্ষেত্রে নিট পেনশন ৬০ শতাংশ এবং ৪০,০০১ টাকা বা তদূর্ধ্ব নিট পেনশন আহরণকারীদের ক্ষেত্রে নিট পেনশন ৫৫ শতাংশ বৃদ্ধি পাবে। পেনশনভোগীদের ক্ষেত্রেও অনুরূপ ধাপভিত্তিক নিট পেনশন বৃদ্ধি কার্যকর হবে। 

/এমএন

Logo