প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহাদী আমিন
শিক্ষার্থীদের দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে কারিগরি শিক্ষায় জোর দিচ্ছে সরকার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৩:০৭ পিএম
শিক্ষার্থীদের কর্মক্ষেত্রের জন্য দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে কারিগরি শিক্ষায় জোর দিচ্ছে সরকার। টেকনিক্যাল ও ভোকেশনাল শিক্ষাকে মূলধারার শিক্ষাব্যবস্থায় নিয়ে আসার উদ্যোগ নেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে চীনের আধুনিক ও সফল কারিগরি শিক্ষা ব্যবস্থার অভিজ্ঞতা কাজে লাগাতে সহযোগিতা করবে দেশটি— এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহাদী আমিন।
সোমবার (৩১ আগস্ট) চীন সফর শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, চীনের কারিগরি শিক্ষা ব্যবস্থাকে বাংলাদেশে কীভাবে কাজে লাগানো যায়, তা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। কারিগরি শিক্ষাকে সাধারণ শিক্ষার সমমানের মর্যাদা ও মানে উন্নীত করার পরিকল্পনার কথাও জানান তিনি।
শিক্ষা ব্যবস্থায় চীনা ভাষা যুক্ত করা হলে দুই দেশের সম্পর্ক আরও জোরদারের পাশাপাশি বাংলাদেশের তরুণদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলেও জানান উপদেষ্টা।
এদিকে, শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেন, কারিগরি শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। চীনের আধুনিক কারিগরি শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত হয়ে বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে বিশ্বমানের দিকে এগিয়ে নেওয়া সম্ভব হবে। প্রতিযোগিতামূলক বৈশ্বিক চাকরির বাজারে বাংলাদেশের তরুণরা আরও ভালো করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
/এমএইচআর