রায় দ্রুত কার্যকর হোক, আর কোনো মায়ের কোল যেন খালি না হয়: আছিয়ার মা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৩:০৪ পিএম
মাগুরার আলোচিত ৮ বছর বয়সী শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। রায় ঘোষণার পর সন্তোষ প্রকাশ করে দ্রুত তা কার্যকরের দাবি জানিয়েছেন তার মা।
সোমবার (৩১ আগস্ট) মাগুরায় নিজ বাড়িতে রায়ের প্রতিক্রয়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
আছিয়ার মা বলেন, আমি চাই, এই রায়ের কার্যকার দ্রুত হোক। আমি নিজের কানে শুনতে চাই, নিজের চোখে দেখতে চাই। তাহলেই আমি আরও আশ্বস্ত হবো এবং শান্তি পাবো। আছিয়াও শান্তি পাবে।
তিনি আরও বলেন, আছিয়ার মতো আর কোনো শিশু যেন নির্যাতনের শিকার না হয়। কোনো মায়ের কোল যেন আর খালি না হয়।
আছিয়ার মা সরকারের প্রতি পরিবারের পাশে থাকার আহ্বান জানিয়ে বলেন, সরকারের কাছে আমার একটাই আবদার, আমার পরিবার ও সন্তানদের দিকে যেন খেয়াল রাখা হয়।
প্রসঙ্গত, গত বছরের ৫ মার্চ রাতে শিশুটি ধর্ষণের শিকার হয়। বোনের শ্বশুর হিটু শেখ শুধু ধর্ষণই করেননি, হত্যার চেষ্টাও চালান। চিকিৎসাধীন অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যু হয় আট বছর বয়সী শিশুটির।
এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে হিটু শেখসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন। পরে, তাদের সবাইকে গ্রেফতার করে পুলিশ। ২০২৫ সালের ১৩ এপ্রিল আলোচিত এ মামলায় অভিযোগপত্র দেয় পুলিশ। মাত্র ১০ দিনের ব্যবধানে অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয় বিচার কার্যক্রম।
সাক্ষ্যগ্রহণ শুরু হয় ২৭ এপ্রিল। মামলায় রাষ্ট্রপক্ষে ২৯ জন সাক্ষ্য দেন। মাত্র ১৩ কার্যদিবসে শেষ হয় আলোচিত এ মামলার বিচারিক কার্যক্রম। পরে, যুক্তিতর্ক উপস্থাপন শেষে একই বছরের ১৭ মে রায় ঘোষণা করা হয়।
শিশু ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দেন মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়। রায়ে বাকি তিন আসামিকে খালাস দেওয়া হয়।
/এসআইএন