পল্লবীতে বিহারী ক্যাম্পে জামায়াত-বিএনপিপন্থীদের সংঘর্ষ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ১০:৫৬ পিএম
রাজধানীর মিরপুরের পল্লবী বিহারি ক্যাম্পে মৃতদেহের গোসল ঘর নির্মাণকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপিপন্থী দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও ককটেল নিক্ষেপের ঘটনাও ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (২৯ আগস্ট) বিকেল ৪টার পর মিরপুরের তালাব ক্যাম্পের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, ক্যাম্পের ১১ নম্বর ব্লকে মরদেহ গোসল করানোর ঘর নির্মাণকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে স্থানীয় জামায়াত কর্মী মানিকের নেতৃত্বে ৫০-৬০ জন এবং বিএনপিপন্থী সোহেল ও বিহারি সংগঠনের নেতা সাদাকাত খান ফাক্কুর নেতৃত্বাধীন ২০০-৩০০ জন নেতাকর্মী ছিলেন। এ সময় উভয় পক্ষের মধ্যে ৫ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণের ঘটনাও ঘটে বলে অভিযোগ।
পুলিশ জানায়, বর্তমানে ক্যাম্প এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
/এএম