সংসদ ভবনের সামনে ছিনতাইকারীদের টানে রাস্তায় পড়ে শিক্ষিকার মৃত্যু
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ১২:৪০ পিএম
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীদের টানে রাস্তায় পড়ে এক নারী শিক্ষিকা নিহত হয়েছেন। নিহত রনজিনা পারভীন বগুড়ার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, রাতে বগুড়া থেকে রাজধানীর ফার্মগেট এলাকার ইসলামিয়া চক্ষু হাসপাতালে চিকিৎসকের কাছে যাওয়ার জন্য ঢাকায় আসেন রনজিনা পারভীন। ভোরে তিনি গাবতলী বাস টার্মিনালে নামেন। এরপর রিকশায় করে ইসলামিয়া চক্ষু হাসপাতালে যাওয়ার পথে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে পৌঁছালে পেছন থেকে একটি মোটরসাইকেল এসে তার ব্যাগ ধরে টান দেয়।
এ সময় তিনি রাস্তায় পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে, এ ঘটনায় পরিবারের সদস্যরা কোনো কথা বলতে রাজি হননি।
এ বিষয়ে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, এ ঘটনায় আমরা মোটরসাইকেল ও জড়িতদের শনাক্তে কাজ করছি। আশা করছি খুব শীঘ্রই তাদের শনাক্ত করে গ্রেফতার করতে পারবো।
/এএন