সংসদে সামান্য বাহানায় যেন ওয়াকআউট না করি: স্বরাষ্ট্রমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০৯:৩৫ পিএম
বিরোধীদলকে সামান্য বাহানায় জাতীয় সংসদ থেকে ওয়াকআউট না করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের ওয়াকআউট ঘোষণার পর তিনি এ আহ্বান জানান।
বিরোধীদলকে উদ্দেশ্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই সংসদকে আমরা জীবন্ত রাখি, ভাইব্রেন্ট করি, সমস্ত আলাপ-আলোচনা এখানেই করি এবং সামান্য বাহানায় যেন আমরা কথায় কথায় ওয়াকআউট না করি। এতে লাভ কার হবে? জানি না। কিন্তু ক্ষতি হবে ডেমোক্রেসির। তবে এইটা নিশ্চিত বলতে পারি এই সংসদকে যদি আমরা কার্যকর করতে না পারি। তাহলে গণতন্ত্রে বারবার হোঁচট খাবে। এবং তারা (বিরোধী দল) যদি সেটা চায় তাহলে ইতিহাস তাদেরকে দায়ী করবে।
তিনি আরও বলেন, এখানে বিরোধী-সরকারি দল সবাই মিলে সমস্ত ইস্যুতে আলাপ-আলোচনা করে, এখানে আইন প্রণয়ন করে তারপর আমরা বাংলাদেশটাকে সুষ্ঠভাবে ডেমোক্রেটিক ধারায় চালাতে চাই। এটাই ছিল জুলাইয়ের অভ্যুত্থানের আমাদের প্রত্যাশা, আমাদের শহীদের প্রত্যাশা।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আসুন বাংলাদেশের জনগণের সামনে আমরা এমন একটা পার্লামেন্ট উপস্থাপন করি, যেই পার্লামেন্টে সরকারি দল বিরোধীদল এখানেই বা বাহাস করবে, এখানেই আমরা তর্ক-বিতর্ক করব, এখানেই আমরা সমাধান করবো।
/এসআইএন