×
Logo

জাতীয়

যে কারণে জাতীয় সংসদ অধিবেশন থেকে বিরোধীদলের ওয়াকআউট

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০৮:১৬ পিএম

যে কারণে জাতীয় সংসদ অধিবেশন থেকে বিরোধীদলের ওয়াকআউট

গণভোটের রায় বাস্তবায়ন এবং জনদুর্ভোগ নিয়ে সংসদে আলোচনার সুযোগ না পাওয়ার অভিযোগ তুলে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন থেকে ওয়াকআউট করেছে বিরোধীদল।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সংসদে রাত ৮টার দিকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সরকারদলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের কথা তুলে ধরে ওয়াকআউটের ঘোষণা দেন।

বিরোধীদলীয় নেতা বলেন, আমরা এখন আর এই আলোচনায় অংশগ্রহণ করবো না। এই পর্বে আমরা সংসদ থেকে বিদায় নিচ্ছি। আমরা আবার ওয়াকআউট করছি। আবার উপযুক্ত হলে তখন আমরা আসবো। জনগণের পক্ষে কথা বলার জন্য চারটা নোটিশ জমা দিয়েছি। আশা করবো, সেই নোটিশগুলা জনস্বার্থে জনদুর্ভোগ নিরসনের স্বার্থে সেই নোটিশগুলা আলোর মুখ দেখবে। তখন এই সংসদে আলোচনার সুযোগ পাবো। 

বক্তব্যে বিরোধীদলীয় নেতা বলেন, দেশে বিদ্যুৎ ও গ্যাস সংকট, লোডশেডিং, জ্বালানি সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে জনগণের মধ্যে উদ্বেগ রয়েছে। এসব বিষয়ে আলোচনার জন্য বিশেষ সংসদ অধিবেশন আহ্বানের অনুরোধ জানানো হলেও তা আমলে নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, জ্বালানি ও বিদ্যুৎ সংকটের কারণে বিপুলসংখ্যক কলকারখানা বন্ধ হয়েছে। এতে মালিকদের পাশাপাশি লাখ লাখ শ্রমিক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সংসদে সরকারের দেওয়া তথ্যের সঙ্গে মাঠপর্যায়ের বাস্তবতারও মিল নেই বলে দাবি করেন তিনি।

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া নিয়েও ক্ষোভ জানান বিরোধীদলীয় নেতা। অভিযোগ, গণভোটে জনগণের দেওয়া সংস্কারের রায় উপেক্ষা করা হচ্ছে। বিচার বিভাগের স্বাধীনতা, দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন, গুম ও পুলিশ সংস্কার এবং নির্বাচন কমিশনসংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।

এছাড়াও বৃহস্পতিবারকে বেসরকারি সদস্যদের জন্য নির্ধারিত দিন উল্লেখ করে সরকারি বিল উত্থাপনের বিষয়েও আপত্তি জানান তিনি। দাবি, এভাবে সংসদকে একতরফাভাবে পরিচালনার প্রক্রিয়ার অংশ হতে চায় না বিরোধীদল।

/এসআইএন 


Logo