দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত কারও মৃত্যু হয়নি। তবে এই সময়ে ডেঙ্গু নিয়ে ৮৬৮ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে বিবরণীতে এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
এতে জানানো হয়— নতুন রোগী নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ২৪৮ জন। তাদের মধ্যে ৮৮ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা ২ হাজার ৮৩ জন।
বিবরণী অনুযায়ী, গত এক দিনে সবচেয়ে বেশি ৩১৬ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগের হাসপাতালগুলোতে। এ ছাড়া খুলনায় ২০৫, বরিশালে ১১০, চট্টগ্রামে ১০৯, রাজশাহীতে ৭৩, ময়মনসিংহে ৩৮ এবং রংপুর বিভাগে ১৭ জন ডেঙ্গু নিয়ে ভর্তি হয়েছেন।
দেশে ডেঙ্গুর ভয়াবহ বিস্তার দেখা দিয়েছিল ২০২৩ সালে। ওই বছর ৩ লাখ ২১ হাজারের বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হন এবং মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের। এর পরের বছর ডেঙ্গু সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হন ১ লাখ ১ হাজার ২১৪ জন। তাদের মধ্যে ৫৭৫ জনের মৃত্যু হয়। আর ২০২৫ সালে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ২ হাজার ৮৬১, মৃত্যু হয় ৪১৩ জনের।
/এমএইচআর