সালাহউদ্দিন আহমদকে গুমের মামলায় জিয়াউলকে ট্রাইব্যুনালে হাজির
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ১১:০০ এএম
ফাইল ছবি
বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে ২০১৫ সালে করা গুমের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে সাবেক এই সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।
গত ১০ আগস্ট প্রসিকিউশনের আবেদনের পর তাকে হাজিরের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। আজ তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করবে প্রসিকিউশন।
গত বছর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে তাকে গুমের ঘটনায় অভিযোগ জমা দেন সালাহউদ্দিন আহমদ। এতে জিয়াউল আহসান ছাড়াও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, পুলিশের সাবেক দুই মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ, এ কে এম শহীদুল হক, ডিএমপির সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়া এবং সাবেক এসবিপ্রধান মনিরুল ইসলামসহ অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।
২০১৫ সালের ১০ মার্চ রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে সালাহউদ্দিন আহমদকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে কিছু লোক তুলে নিয়ে যায় বলে অভিযোগ করেন তার স্ত্রী হাসিনা আহমদ। সে সময় বিএনপির যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করছিলেন সালাহউদ্দিন।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১১ আগস্ট সালাহউদ্দিন আহমদ দেশে ফেরেন।
/এএম