×
Logo

জাতীয়

কারখানা বন্ধ ও ৬২ হাজার কর্মহীন হওয়ার তথ্য ভুল, দুঃখ প্রকাশ সিপিডির

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০৮:২৪ পিএম

কারখানা বন্ধ ও ৬২ হাজার কর্মহীন হওয়ার তথ্য ভুল, দুঃখ প্রকাশ সিপিডির

জানুয়ারি থেকে আগস্ট ২০২৬ সময়ে গাজীপুর, সাভার-আশুলিয়া এবং নারায়ণগঞ্জ-নরসিংদীর তিন শিল্পাঞ্চলে ৯৫টি কারখানা বন্ধ হয়ে ৬১ হাজার ৮৮১ জন কর্মহীন হওয়ার যে তথ্য প্রকাশ করা হয়েছিল, তা সঠিক নয় বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। অনিচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকর তথ্য প্রকাশের জন্য দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।

মঙ্গলবার (২৫ আগস্ট) সিপিডির গবেষণা দলের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ঢাকাভিত্তিক ডিজিটাল অনুসন্ধানমূলক সংবাদমাধ্যম দ্য ডিসেন্টে গত ২৪ আগস্ট প্রকাশিত একটি প্রতিবেদনে বিষয়টি সিপিডির নজরে আসে। সেখানে ‘নতুন সরকারের প্রথম ছয় মাস: একটি অর্থনৈতিক পর্যালোচনা’ শীর্ষক মিডিয়া সংলাপে উপস্থাপিত প্রতিবেদনের ১১ নম্বর স্লাইডের তথ্য তুলে ধরা হয়।

ওই স্লাইডে বলা হয়েছিল, ২০২৬ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত গাজীপুর, সাভার-আশুলিয়া এবং নারায়ণগঞ্জ-নরসিংদী—এই তিন প্রধান শিল্পাঞ্চলে ৯৫টি কারখানা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। এতে ৬১ হাজার ৮৮১ জন কর্মহীন হন বলে উল্লেখ করা হয়েছিল।

সিপিডি জানায়, ওই তথ্য তৈরির সময় বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক উৎস ব্যবহার করা হয়েছিল। এর মধ্যে সংসদ ও মন্ত্রী পর্যায়ের বক্তব্য, জাতীয় বাজেট, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন, সংবাদ বিজ্ঞপ্তি এবং ‘জনগণের সরকারের ১৮০ দিন’ শীর্ষক প্রতিবেদনও ছিল।

তবে পরবর্তী যাচাইয়ে দেখা যায়, শিল্পকারখানা বন্ধের ওই তথ্যটি ২২ আগস্ট ঢাকা ট্রিবিউনের ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে নেওয়া হয়েছিল। ২৫ আগস্ট বিকেল ৪টা ৩৪ মিনিটে প্রতিবেদনটি সংশোধন করে ঢাকা ট্রিবিউন।

সিপিডির বিবৃতিতে বলা হয়, ঢাকা ট্রিবিউনের আগের প্রতিবেদনে ২০২৫ সালের ৫ মার্চ প্রথম আলোয় প্রকাশিত একটি প্রতিবেদনের মূল সময়কাল পরিবর্তন করে ‘জানুয়ারি থেকে আগস্ট ২০২৬’ উল্লেখ করা হয়েছিল। ফলে ভুল তথ্য সিপিডির প্রতিবেদনে চলে আসে।

এ ঘটনায় দুঃখ প্রকাশ করে সিপিডি বলেছে, প্রতিবেদন তৈরির সময় তথ্যটির মূল উৎস যাচাই করা হয়নি। অনিচ্ছাকৃত এই ভুলের কারণে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।

তবে শিল্পকারখানা বন্ধ হয়ে যাওয়া নিয়ে উদ্বেগের বিষয়টি অমূলক নয় বলেও উল্লেখ করেছে সংস্থাটি। সাম্প্রতিক সময়ে বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ও তাদের নেতারা শিল্পকারখানা বন্ধ হয়ে যাওয়ার বিষয়ে বক্তব্য দিয়ে আসছেন। এসব বক্তব্যের কারণে বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হওয়ায় সিপিডি তা তাদের প্রতিবেদনে তুলে ধরেছিল।

সংস্থাটি মনে করে, শিল্পকারখানা বন্ধ হয়ে যাওয়া ও কর্মসংস্থানের পরিস্থিতির দিকে সরকারের বিশেষ নজর দেওয়া প্রয়োজন।

ভবিষ্যতে এ ধরনের তথ্যগত বিভ্রান্তি এড়াতে সিপিডির গবেষণা দল আরও সতর্ক থাকবে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।

একই সঙ্গে বিষয়টি সিপিডির নজরে আনার জন্য দ্য ডিসেন্টকে পেশাদারিত্বের জন্য ধন্যবাদ জানিয়েছে সংস্থাটি।

/এনএ 


Logo