সড়ক পরিবহনমন্ত্রী
২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যু অর্ধেকে নামিয়ে আনতে সরকার কাজ করছে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ০২:৪৫ পিএম
প্রতি বছর সড়ক দুর্ঘটনায় প্রায় ৫ হাজার মানুষ নিহত হন। এই মৃত্যুর সংখ্যা ২০৩০ সালের মধ্যে অর্ধেকে নামিয়ে আনতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
সোমবার (২৪ আগস্ট) সকালে রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ভবনে অ্যাম্বুলেন্স উদ্বোধন ও প্রকল্পের কার্যক্রম অবহিতকরণ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
সড়ক পরিবহনমন্ত্রী বলেন, বিশ্বব্যাংক ও জিওবি'র যৌথ উদ্যোগে এই কর্মসূচি হাতে নিয়েছে সরকার। প্রকল্পটির অন্যতম প্রধান লক্ষ্য নিরাপদ সড়ক নিশ্চিত করা।
তিনি বলেন, ফিটনেসবিহীন যানবাহন, চালকের অসতর্কতা, অনিয়ন্ত্রিত গতি এবং জনসচেতনতার অভাবে দেশে সড়ক দুর্ঘটনা বেশি ঘটে। সরকারের কার্যকর উদ্যোগের মাধ্যমে সড়ক দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব হবে।
সড়ক পরিবহনমন্ত্রী বলেন, দেশের সাধারণ মানুষ যাতে এই প্রকল্পের সুফল ভোগ করতে পারে, সরকার তা নিশ্চিত করবে।
তিনি আরও জানান, হাইওয়ে ও মহাসড়কের পাশে যেসব হাসপাতাল আছে সেখানে দুর্ঘটনায় আহতদের জন্য আলাদা ইউনিট করা হবে। এছাড়া, সড়কে চলাচলের সময় সবাইকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
/এএন