×
Logo

জাতীয়

ইলিয়াস আলী গুমের মামলা: উইং কমান্ডার সাইফকে হাজির করা হলো ট্রাইব্যুনালে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ১০:০৯ এএম

ইলিয়াস আলী গুমের মামলা: উইং কমান্ডার সাইফকে হাজির করা হলো ট্রাইব্যুনালে

বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের ঘটনায় হওয়া মানবতাবিরোধী অপরাধ মামলায় বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

রোববার (২৩ আগস্ট) সকাল ৯টার পর তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। গত ৯ আগস্ট, সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল-১।

প্রসিকিউশন জানায়, ইলিয়াস আলীকে গুমের ঘটনায় বিমান বাহিনীর উইং কমান্ডারের সম্পৃক্ততা পেয়েছেন তদন্ত কর্মকর্তা। মামলাটি এখনও তদন্তাধীন। গ্রেফতারি পরোয়ানার পরিপ্রেক্ষিতে সকালে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। প্রসিকিউশনের পক্ষ থেকে তাকে গ্রেফতার দেখানোর আবেদন করা হবে।

সাবেক সেনাকর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে চলমান গুমের মামলায় তার দেহরক্ষী সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার ইমরুল কায়েসের জবানবন্দিতে উঠে আসে ইলিয়াস আলী গুমের তথ্য।

ট্রাইব্যুনালকে তিনি বলেন, ইলিয়াস আলী গুমের আগে মহাখালী এলাকার একটি অভিযানে জিয়াউল আহসানের সঙ্গে ছিলেন সাইফ।

২০১২ সালের ১৭ এপ্রিল, ঢাকার বনানী থেকে গুম হন ইলিয়াস আলী। তিনি বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। সিলেট-২ আসন থেকে দু’বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।

/এসআইএন

Logo