×
Logo

জাতীয়

শপথ নিলেন নয়া রাষ্ট্রপতি মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ০৭:৪০ পিএম

শপথ নিলেন নয়া রাষ্ট্রপতি মির্জা ফখরুল

নব নির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নিয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটার পর নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পাঠ করান জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টর কায়সার কামাল।

এর আগে, সাড়ে সাতটায় দোয়া পাঠের মাধ্যমে শুরু হয় শপথ অনুষ্ঠান। তারপর শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি শপথ পাঠ অনুষ্ঠান পরিচালনা করেন।

তারও আগে রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে অংশ নিতে বঙ্গভবনে আসেন আমন্ত্রিত অতিথিরা। শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, বিদেশি কূটনীতিক, সংসদ সদস্য এবং বেসামরিক ও সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী বিরোধী দল মনোনীত প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৪৯ জন। তাদের মধ্যে ভোট দেন ৩৪৩ জন। ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচনী কর্তা এ এম এম নাসির উদ্দিন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে বিজয়ী ঘোষণা করেন।

/এমএন

Logo