×
Logo

জাতীয়

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান ঘিরে যান চলাচলে ডিএমপির নির্দেশনা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ০১:১২ এএম

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান ঘিরে যান চলাচলে ডিএমপির নির্দেশনা

নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠান উপলক্ষে ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (২০ আগস্ট) ডিএমপির এক গণবিজ্ঞপ্তিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে বলা হয়, আগামীকাল শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ গ্রহণ করবেন। অনুষ্ঠানে বিদায়ী রাষ্ট্রপতি, নবনির্বাচিত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি ও সাবেক রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ, বিভিন্ন দেশের কূটনৈতিকবৃন্দ, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাগণ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দের যানবাহন নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে শুক্রবার দুপুর ৩ টা থেকে রাত ৯টা পর্যন্ত বঙ্গভবন ও আশপাশের এলাকায় নিম্নোক্ত ট্রাফিক নির্দেশনা অনুসরণের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো।

উল্লেখ্য, নিম্নলিখিত নির্দেশনাসমূহ বঙ্গভবনে আগত আমন্ত্রিত অতিথিদের ক্ষেত্রে প্রযোজ্য নয়।

১। মতিঝিল শাপলা চত্বরের অ্যালিকো গ্যাপ হতে দিলকুশা বাণিজ্যিক এলাকা (বঙ্গভবন রোড) ও রাজউক ক্রসিং (ডিআইটি রোড) পর্যন্ত সকল প্রকার যানবাহনের প্রবেশ নিষিদ্ধ থাকবে।

২। শাপলা চত্বর ও দৈনিক বাংলা হতে রাজউক-গুলিস্তানগামী সকল বাস দৈনিক বাংলা–ইউবিএল–প্রেসক্লাব হয়ে চলাচল (আসা-যাওয়া) করবে অথবা অন্য কোনো সুবিধাজনক বিকল্প সড়ক ব্যবহার করবে।

৩। দৈনিক বাংলা হতে রাজউক অভিমুখে কোনো বাণিজ্যিক যানবাহন চলাচল করতে পারবে না।

৪। হানিফ ফ্লাইওভার হতে আগত যানবাহনসমূহ জিরো পয়েন্টে ইউটার্ন না করে বামে ফুলবাড়িয়া অথবা ডানে ইউবিএল ক্রসিং হয়ে দৈনিক বাংলা–শাপলা চত্বর অথবা জিরো পয়েন্ট–ইউবিএল ক্রসিং–নাইটিঙ্গেল ক্রসিং–ফকিরাপুল ক্রসিং–ইত্তেফাক হয়ে চলাচল করবে।

আরও বলা হয়, উপরোল্লিখিত রাস্তাসমূহ পরিহার করে অন্য কোন সুবিধাজনক বিকল্প রাস্তায় চলাচল করার জন্য গাড়ি চালকদের অনুরোধ করা হলো। এ ট্রাফিক ব্যবস্থাপনার ফলে উক্ত রাস্তা ও এলাকাসমূহে যানবাহন চলাচল সাময়িকভাবে বিঘ্ন ঘটায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। এই বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সকলের সহযোগিতা কামনা করছে।

/এসআইএন

Logo