রাজধানীতে কাটেনি গ্যাস সংকট, ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০৯:০২ এএম
ফাইল ছবি
রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে অব্যাহত রয়েছে তীব্র গ্যাস সংকট। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে মিলছে সামান্য গ্যাস, কোথাও আবার স্বল্পচাপের কারণে বন্ধ রাখতে হচ্ছে স্টেশন। এতে বিপাকে চালক ও পরিবহন খাত সংশ্লিষ্টরা।
সপ্তাহের শেষ কর্মদিবসে গ্যাস সংকটে নগরবাসীর ভোগান্তি বেড়েছে। ভোর রাত থেকে রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইনে দাঁড়িয়েও গ্যাস পাচ্ছেন না চালকরা। আবার গ্যাসের চাপ না থাকা এবং সরবরাহ বন্ধ থাকায় রাজধানীজুড়ে বন্ধ রয়েছে বেশ কিছু ফিলিং স্টেশন।
তবে এই সংকটে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যম আয়ের চালকেরা। সিএনজিচালিত অটোরিকশা ও রাইড-শেয়ারিং সেবার সঙ্গে যুক্ত অনেক চালক বলছেন, সময়মতো গ্যাস না পাওয়ায় তারা যাত্রী পরিবহন করতে পারছেন না। এতে দৈনিক আয় উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
এদিকে, পাইপলাইনে পর্যাপ্ত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) না থাকায় এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল থেকে বুধবার (১৯ আগস্ট) দুপুর ৩টায় গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এর ফলে দেশে চলমান গ্যাস সংকট হয়ে উঠেছে আরও প্রকট।
/এএম